প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার একনেকের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এ কর্মসূচির উন্নয়ন-ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার ১৯৭ কোটি টাকা।একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে পিইডিপি-৩-সহ মোট ২৩ হাজার ৬০৮ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১৯ হাজার ১৮১ কোটি টাকা দেওয়া হবে স্থানীয় মুদ্রায়, আর বাকি অর্থ প্রকল্প-সাহায্য হিসেবে পাওয়া যাবে।পিইডিপি-৩-এর মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা খাতে এ পর্যন্ত সবচেয়ে বড় এ কর্মসূচি বাস্তবায়ন করবে।নতুন এ কর্মসূচিতে শ্রেণীকক্ষের শিক্ষার (পাঠদান) মান উন্নয়নে জোর দেওয়া হবে। কর্মসূচির মূল কার্যক্রমের মধ্যে থাকবে ৪৭ হাজার ৬৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ (এর মধ্যে প্রাক-প্রাথমিকের জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন), চাহিদাভিত্তিক ৩১ হাজার ৬৮৫টি অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি, দুই হাজার ৭০৯টি বিদ্যালয় স্থাপন, এক লাখ ২৮ হাজার ৯৫৫টি টয়লেট নির্মাণ, ৩৯ হাজার ৩০০টি নলকূপ স্থাপন, মাঠপর্যায়ের ৬৬৮টি কার্যালয় মেরামত, অধিদপ্তরের নতুন ভবন, সাতটি বিভাগীয় কার্যালয়ে বিশ্রামাগার (রেস্ট হাউস) স্থাপন, ৬০টি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সম্প্রসারণ, সব বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার দেওয়া এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধরনের উন্নয়নকাজ।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত জুনে শেষ হওয়া পিইডিপি-২-এর তুলনায় পিইডিপি-৩ বেশ বড়। পিইডিপি-২-এ উন্নয়ন খাতে ব্যয় হয়েছিল সাত হাজার ৪৯২ কোটি টাকা।একনেকের বৈঠক শেষে প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনাসচিব মনজুর হোসেন সাংবাদিকদের জানান, এ প্রকল্প বাস্তবায়ন হলে শিক্ষার গুণগত মান বাড়বে।একনেকে অনুমোদিত অন্য তিনটি প্রকল্প হলো: ৭৯ কোটি টাকার স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (এনবিআর পার্ট: কম্পোনেন্ট এ: অনলাইন ফাইলিং অ্যান্ড ডিজিটাইজেশন অব ট্যাক্স রিটার্নস, কম্পোনেন্ট সি: ইস্টাবলিশমেন্ট অব ট্যাক্সপেয়ার্স ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার), এক হাজার ৩০৫ কোটি টাকার নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প এবং ২৭ কোটি টাকার সৌরবিদ্যুৎ-চালিত সেচপাম্প ও সোলার হোম সিস্টেম প্রকল্প।সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।