২২টি অধিদপ্তরের ৪৬ খাতে লেনদেন চালাচ্ছেন একজন!
বারো কিলোমিটার দূর থেকে উপজেলা সদরে আসি দ্রুত কাজ সারার জন্য। কিন্তু সেই কাজটি করতে যেখানে এক ঘণ্টা সময় লাগার কথা, সেখানে লেগে যাচ্ছে দুই দিন। আবার উপজেলায় কাজ সেরে স্বাক্ষর আনতে যেতে হয় জেলা সদরে।
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় ভোগান্তির কথাগুলো এভাবেই বললেন ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা।
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে কাজকর্ম চলছে একজন মাত্র কর্মচারী দিয়ে। চার মাস ধরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। বর্তমানে দায়িত্ব পালন করছেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শওকাত হাসান। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার যাবতীয় কার্যক্রম চলছে একজন অডিটরের মাধ্যমে। তাঁকে ২২টি অধিপ্তরের ৪৬টি খাতে লেনদেন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিসাবরক্ষণ কার্যালয়ে কর্মকর্তা পদায়নের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো লোক পদায়ন করা হয়নি।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে কথা বলে জানা যায়, গত ২৩ জানুয়ারি হিসাবরক্ষণ কর্মকর্তা বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। এ ছাড়া কয়েক বছর ধরে জুনিয়র অডিটর, মূদ্রাক্ষরিক ও এমএলএসএস পদটিও শূন্য রয়েছে।
বর্তমানে কার্যালয়ের দায়িত্ব পালনকারী অডিটর মো. আলমগীর আলম নিজামী আক্ষেপ করে বলেন, ‘আমার কোনো ছুটি নেই, বিশ্রামও নেই। শুক্র ও শনিবারসহ রাত-দিন দায়িত্ব পালন করতে হচ্ছে। আমাদের কার্যালয়ের মাধ্যমে ২২টি অধিদপ্তরের ৪৬টি খাতে আর্থিক লেনদেন হয়। আমি মাত্র একজন মানুষ৷ তার মধ্যে ২৪ আনসার ব্যাটালিয়নের ৩৮৭ জন ও ৩১ আনসার ব্যাটালিয়নের ৩৬৩ জন কর্মকর্তা-কর্মচারীর বদলি ও যোগদানের বেতন আদেশ (এলপিসি) গ্রহণ ও ছাড়পত্র দিতে হয়েছে। মাসের ১ তারিখের মধ্যে সরকারি দপ্তরগুলোর বেতন পরিশোধ, ৫ তারিখের মধ্যে হিসাব শেষ করে কম্পিউটারে সংযুক্ত করা, ১০ তারিখের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বাধ্যবাধকতা রয়েছে। একজন কর্মচারীর পক্ষে এতগুলো কাজ করা কী করে সম্ভব? উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারী পদায়নের জন্য তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু পদায়ন করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজুলল জাহিদ পাভেল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে লোকবল না থাকার সত্যতা স্বীকার করে বলেন, ‘একজন মানুষ এতগুলো কার্যালয়ের বেতন-ভাতা পরিশোধ, আবার দুটি আনসার ব্যাটালিয়নের কাজ করা কীভাবে সম্ভব? আমি কর্মকর্তা ও কর্মচারী পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানিয়েছি।’