২২টি ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আখালিয়াসহ আশপাশের ৪টি টিলা এলাকায় ২২টি ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করেছে সদর উপজেলা প্রশাসন। গত বুধবার এসব এলাকায় অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা হয়। সিলেট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 উপজেলা প্রশাসন থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বুধবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আখালিয়ার ব্রাহ্মণশাসনের গ্রিনভিউ আবাসিক এলাকায় এক প্রবাসীর বাড়িতে টিলা কেটে পাকা ভবন নির্মাণের অভিযোগ প্রমাণিত হয়। তাঁর নাম মতিলাল দাস

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একই দিন প্রশাসন হাওলাদারপাড়ায় অভিযান চালিয়ে ওই পাড়ার অজিত রায়ের বিরুদ্ধে একটি টিলা কেটে সাবাড় করার অভিযোগের প্রমাণ পায়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা প্রশাসন গত বুধবার প্রথম আলোয় ‘সিলেটে পাহাড়-টিলা কাটা চলছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে ছবিটির সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। এ সময় ব্রাহ্মণশাসন এলাকায় টিলার পাশে ঝুঁকিপূর্ণ বাড়িটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে টানা সাড়ে তিন ঘণ্টার অনুসন্ধানে আখালিয়া এলাকায় ৪টি টিলার আশপাশে ২২টি ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা হয়।

ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, ‘আমরা প্রথম আলোয় প্রকাশিত ছবির সূত্র ধরে সরেজমিনে পরিদর্শনে যাই। যারা টিলা কেটে পরিবেশ ধ্বংস করে বাসাবাড়ি তৈরি করেছে, তাদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।