২২টি বিপজ্জনক মোড় বাড়ছে সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে আশঙ্কাজনকভাবে দুর্ঘটনা বেড়ে গেলেও দুর্ঘটনারোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিপজ্জনক মোড় ও বেপরোয়াভাবে গাড়ি চালানোই দুর্ঘটনার প্রধান কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। আর দুর্ঘটনার শিকার হয়ে কেউ বাড়ি ফিরছেন লাশ হয়ে, কেউবা অঙ্গ হারিয়ে বরণ করে নিচ্ছেন পঙ্গুত্ব।পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গত সাড়ে চার মাসে মহাসড়কে দুর্ঘটনায় মারা গেছে কমপক্ষে ৮০ জন ও আহত হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তি। এর মধ্যে গত এক সপ্তাহে ১১টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১১ জন ও আহত হয়েছে শতাধিক ব্যক্তি। এসব দুর্ঘটনার অধিকাংশ ঘটেছে বিপজ্জনক মোড়গুলোতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ আর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যাওয়ায়।অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ৫৫ কিলোমিটারে দুর্ঘটনাপ্রবণ ২২টি বিপজ্জনক মোড় রয়েছে। এর মধ্যে উথলী, বরঙ্গাইল, পুখুরিয়া, তরা ক্রস ব্রিজ, উচুটিয়া, জায়গীর ও গোলড়া সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ। এসব মোড়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক জরিপেও এই মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিপজ্জনক মোড় ও ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণকেই দায়ী করা হয়েছে।মহাসড়কের সবচেয়ে বিপজ্জনক মোড় আরিচা-উথলী, পাটুরিয়া-উথলী ও গাবতলী-উথলী সড়কের সংযোগস্থল। উথলী মোড় নামে এই সংযোগস্থলে মহাসড়ক প্রায় ৯০ ডিগ্রি বাঁকা। এই মোড়েই ৩১ জুলাই জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম (৫২) এবং বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫) নিহত হন। এই দুর্ঘটনার পর মোড়ের উভয় পাশে গতিরোধক নির্মাণ করা হয়েছে। এর আগে মহাসড়কের জায়গীর, গোলড়া, নয়াডিঙ্গী, ধামরাই থানা রোড, গণস্বাস্থ্য হাসপাতাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণ করা হয়েছে। এর পরও এসব স্থানে দুর্ঘটনা ঘটছেই।গত এক সপ্তাহে মুলজান মোড়ে তিনটি দুর্ঘটনায় মারা গেছে তিন ব্যক্তি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে সড়কের পাশে পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাগুলো ঘটেছে বলে জানা গেছে। ওই সময়ের মধ্যে মহাসড়কের জায়গীর, বালিথা, কালামপুর, বিশমাইল ও জয়পুরা এলাকায় একাধিক দুর্ঘটনায় আট ব্যক্তি নিহত ও শতাধিক আহত হয়েছে।একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চলাচলের অনুপযোগী প্রায় দুই হাজার ত্রুটিপূর্ণ যানবাহনও মহাসড়কে দুর্ঘটনার আরও একটি বড় কারণ। এসব যানবাহনের প্রায় সব চালকই অদক্ষ। দুর্ঘটনার পর ত্রুটিপূর্ণ যানবাহনগুলো অর্থের বিনিময়ে অনায়াসেই ছাড়া পায়। এ কারণে নিয়মনীতির তোয়াক্কা না করে মালিকেরা এসব যানবাহন মহাসড়কে চালানোর সাহস পাচ্ছেন।পরিবহন শ্রমিক নেতা শেখ ফরিদ আহামেদ ও ট্রাকচালক আবদুর রাজ্জাক শ্রমিক জানান, গতিরোধকগুলোতে দিকনির্দেশনা না থাকায় রাতে অনেকটা অনুমানের ওপর নির্ভর করে গাড়ি চালাতে হয়। এ কারণেও দুর্ঘটনা ঘটে। তাঁরা বলেন, আইন থাকলেও তার প্রয়োগ নেই। অর্থের কাছে সব অনিয়মই বৈধ হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না।মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম বলেন, দুর্ঘটনা কমিয়ে আনতে সড়কের অতি দুর্ঘটনাপ্রবণ বাঁক কমিয়ে আনা প্রয়োজন। তিনি আরও বলেন, মহাসড়কের উভয় পাশে সড়ক ও জনপথের অনেক জায়গা রয়েছে। এসব জায়গার অধিকাংশই অবৈধ দখলে চলে গেছে। দখলদার ব্যক্তিদের উচ্ছেদ করে সড়কের বাঁকগুলো কমানো হলে দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমে আসবে।