২২০ টাকা ভাতার জন্য ১০০ টাকা ঘুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে অবসর ভাতার সঙ্গে মহার্ঘ ভাতা যোগ করে দেওয়ার জন্য উপজেলার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে। উপজেলা হিসাবরক্ষকের কার্যালয়ের দুই কর্মকর্তা প্রতিটি অবসর ভাতা বইয়ে মহার্ঘ ভাতার বাড়তি টাকা যোগ করে দিতে ১০০ টাকা করে ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা হিসাবরক্ষকের কার্যালয় ও ব্যাংক সূত্র জানায়, এই উপজেলার সাত হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসর ভাতা পান। ৩ নভেম্বর সরকার চলতি বছরের জুলাই থেকে সব সরকারি কর্মচারীকে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাচ্ছেন। ৩ নভেম্বর থেকেই আগের অবসর ভাতার সঙ্গে মহার্ঘ ভাতা যোগ করে স্থানীয় সোনালী ব্যাংক বাউফল শাখা থেকে টাকা তুলছেন উপজেলার অবসরপ্রাপ্ত ব্যক্তিরা।

কিন্তু এজন্য প্রত্যেকের কাছ থেকে হিসাবরক্ষকের কার্যালয়ের নিরীক্ষক (অডিটর) ফারুক হোসেন ও জুনিয়র নিরীক্ষক আলী আহম্মেদ ১০০ টাকা করে আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কথা হয় অবসর ভাতা নিতে আসা মরিয়ম খানমের (৬০) সঙ্গে। তিনি জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বামী সেকান্দার আলীর মৃত্যুর পর প্রতি মাসে এক হাজার ১০০ টাকা করে অবসর ভাতা পাচ্ছেন তিনি। মহার্ঘ ভাতা দেওয়ায় মাসে এখন তিনি ২২০ টাকা করে বেশি পাবেন। ওই বাড়তি টাকা ভাতার বইতে যোগ করে দিতে তাঁকে ১০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

একই অভিযোগ করেন অবসরপ্রাপ্ত বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) আলতাফ হোসেন, কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুদ্দিন সিকদারসহ তিন শতাধিক ভুক্তভোগী।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবসর ভাতার সঙ্গে মহার্ঘ ভাতা যোগ করে দেওয়ার কাজটি নিরীক্ষক করে থাকেন। তবে তাঁর কার্যালয়ের কেউ ঘুষ নেননি বলে তিনি দাবি করেন।