২২০টি পাখি ধরা পড়ল, পাচারকারী পালিয়ে গেল

চাঁপাইনবাবগঞ্জ থেকে পাচার করে আনা ২২০টি পাখি আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ছয়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশন থেকে এই পাখিগুলোকে আটক করে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণকারী দল।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে দুই শতাধিক পাখি আটক হলেও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণকারী দলকে ফাঁকি দিয়ে পাচারকারী পালিয়ে যায়। অসীম মল্লিকের দাবি, পাখিগুলোর মূল্য প্রায় এক লাখ টাকা।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, আটক ২২০টি পাখির মধ্যে ১৪৪টি বাসন্তী লটকন তোতা (Indian Hanging Parrot), ছয়টি টিয়া (Rose Ring Parraket) ও ৭০টি মুনিয়া (Balck Headed Parrot)। এসব পাখির আবাসস্থল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
তবে পাখি বিশেষজ্ঞ শরীফ খানের মতে, বাসন্তী লটকন তোতা পাখিগুলো সম্ভবত ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনা হচ্ছিল। এর প্রতিটির মূল্য প্রায় এক হাজার টাকা।

এদিকে অসীম মল্লিক অভিযান সম্পর্কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে তাঁরা গাবতলী বাস টার্মিনালে অবস্থান নেন। রাজশাহীর বাসন্তী পরিবহনের একটি বাস থেকে আজ ভোরে তিনটি খাঁচাভর্তি পাখিগুলো নামানো হয়। সিএনজি অটোরিকশায় করে মিরপুরে নিয়ে যেতে থাকে এক ব্যক্তি। তাকে অনুসরণ করা হলেও মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি গলির ভেতর নামার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি পালিয়ে যায়।
মিরপুর থেকে মহাখালী বন ভবনে আনার পথে দুটি বাসন্তী লটকন তোতা পাখি মারা গেছে।
পরে পাখিগুলো অবমুক্ত করার জন্য গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হয়েছে।
এদিকে পাখি বিশেষজ্ঞ শরীফ খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাজশাহী নয়, বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামে বাসন্তী লটকন তোতা পাখি দেখতে পাওয়া যায়। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে এরা থাকে। তাই আমার ধারণা, সীমান্তপথ দিয়েই চাঁপাইনবাবগঞ্জে পাখিগুলো আনা হয়েছে। ঢাকায় আনা হলে এর দামও বেড়ে যায়।’
শরীফ খান আরও জানান, বঙ্গবন্ধু সাফারি পার্কের টিয়া ও মুনিয়া টিকে থাকলেও বাসন্তী লটকন সেখানে বেঁচে থাকবে না। এগুলোকে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা উচিত।