২২০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদনগরে করিমপুর থেকে কামাল্লা বাজার পর্যন্ত ২ হাজার ২০০ ফুট অবৈধ গ্যাস–সংযোগ গতকাল দুপুরে বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত l প্রথম আলো
মুরাদনগরে করিমপুর থেকে কামাল্লা বাজার পর্যন্ত ২ হাজার ২০০ ফুট অবৈধ গ্যাস–সংযোগ গতকাল দুপুরে বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত l প্রথম আলো

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ হাজার ২০০ ফুট অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এ সময় ১১০টি দুই ইঞ্চি পাইপ জব্দ করা হয়।
 কয়েকজন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। তখন উপজেলার করিমপুর থেকে কামাল্লা বাজার পর্যন্ত ২ হাজার ২০০ ফুট অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন।
অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) আলী আজগর, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক বাপ্পি শাহরিয়ার, ব্যবস্থাপক (বিক্রয়-উপজেলা) জিয়াউল হক চৌধুরী, সহকারী প্রকৌশলী অতুল কুমার নাগ, জসিম উদ্দিন আহাম্মদ, থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ভ্রাম্যমাণ আদালতের কাছে উপজেলার সব ধরনের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার জোর দাবি জানান।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দিন বলেন, মাটি থেকে সাড়ে তিন ফুট গভীরে গ্যাস লাইন স্থাপনের নিয়ম থাকলেও অনেক স্থানে সরাসরি সড়কের ওপর গ্যাস লাইনের পাইপ স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব লাইন অপসারণের কাজ অব্যাহত থাকবে। অবৈধভাবে গ্যাস-সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে বলা হয়েছে। তিনি আরও বলেন, কয়েক দিন আগে মুরাদনগর থেকে কামাল্লা পর্যন্ত ১২ হাজার ফুট গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।