২২১ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় ৪ পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২১ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় সিরাজগঞ্জ পুলিশ লাইনের চারজন কনস্টেবল ও পুলিশের দুজন সোর্সকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার হওয়া চার পুলিশ কনস্টেবল হলেন মো. ওয়াসিম বাবু, মো. শাহনেওয়াজ, গোলাম রব্বানী ও রাজু আহমেদ। সোর্স দুজন হলেন আতাউর রহমান ও দৌলত জামান।সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী রায়হান হোসেন ঢাকা থেকে ২২১ ভরি স্বর্ণ কেনেন। গত ২৩ জুন রাতে ঢাকার কল্যাণপুর থেকে বাসযোগে বগুড়ার উদ্দেশে রওনা দেন। বাসটি ভোর সাড়ে চারটার দিকে রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের হাইওয়ে ভিলা হোটেলে যাত্রাবিরতি করে। রায়হান বাস থেকে নেমে হোটেলে ঢোকেন। হোটেল থেকে বের হলে চার পুলিশ কনস্টেবল কৌশলে তাঁকে হোটেলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশার কাছে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছে থাকা ২২১ ভরি স্বর্ণ ও মুঠোফোন নিয়ে বগুড়ার ধনকুন্ডি এলাকায় নামিয়ে দেওয়া হয়।পরে ব্যবসায়ী রায়হান বিভিন্ন সময় রায়গঞ্জ, সিরাজগঞ্জ সদর, হাটিকুমরুল হাইওয়ে থানা, শেরপুর ও বগুড়া সদর থানায় যোগাযোগ করেন। একপর্যায়ে তিনি পুলিশের সহায়তায় সিরাজগঞ্জের পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল ওয়াসিম হোসেনকে ছিনতাইকারীদের একজন বলে শনাক্ত করেন। ব্যবসায়ী রায়হান গত শুক্রবার ওয়াসিমসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা করেন। গত শুক্রবার রাতে সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রথমে ওয়াসিমকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ওয়াসিমকে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে তথ্য পেয়ে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থান থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।