২২১৭ শিক্ষক বেতন-ভাতা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ও নোয়াখালীতে সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার ২১৭ জন শিক্ষক গতকাল বুধবার পর্যন্ত বেতন-ভাতা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এসব শিক্ষক পরিবার-পরিজন নিয়ে ঈদুল ফিতরের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।

নোয়াখালী জেলার নয়টি উপজেলায় চলতি বছর থেকে সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪০৪টি। এসব বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন এক হাজার ৬১৭ জন। গতকাল পর্যন্ত এসব শিক্ষকের জুলাই মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস প্রদানের সরকারি আদেশের কোনো চিঠি জনতা ব্যাংকে পৌঁছায়নি। অথচ দুই দিন আগে জেলার বিভিন্ন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের বেতন-বোনাস ব্যাংকে পৌঁছেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকেরা ব্যাংক থেকে বেতন-বোনাস তুলে নিচ্ছেন। আর তাঁরা তা চেয়ে চেয়ে দেখছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতার জন্যই সাধারণ শিক্ষকদের কষ্ট করতে হচ্ছে।

প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলী আক্কাছ অভিযোগ করেন, সরকার শিক্ষকদের তাঁদের পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাঠিয়েছেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের অবহেলার কারণে শিক্ষকেরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষকদের এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জনতা ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আবদুল বাতেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-বোনাসের কোনো দাপ্তরিক আদেশ গতকাল পর্যন্ত তাঁদের কাছে পৌঁছায়নি।

 ফেনীর কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, তাঁরা গত জুলাই মাসের বেতন এবং ঈদ বোনাসের টাকা গতকাল পর্যন্ত পাননি। সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাঁদের বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শিক্ষকদের বেতন ও বোনাস দেওয়ার নির্দেশনা এখনো ব্যাংকে পৌঁছায়নি।

ফেনী সদর উপজেলার কসবা ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিনারা আক্তার, বগইড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাফ্ফর হোসেন, নেয়ামত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন জানান, তাঁরা গতকাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জনতা ব্যাংক ফেনী কলেজ শাখায় অপেক্ষা করে বেতন-বোনাসের টাকা তুলতে না পেরে বাড়ি ফেরেন। এখন ধারকর্জ করা ছাড়া উপায় নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো বেতন ও বোনাসের বরাদ্দপত্র ১ আগস্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। এরপর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বিল তৈরি করে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোতে পাঠানো হয়েছে। কিন্তু গতকাল ঈদের ছুটির আগের দিনও ব্যাংক থেকে শিক্ষকেরা বেতন-বোনাস পাননি বলে তিনি শুনেছেন। এটা অত্যন্ত দুঃখজনক।

জনতা ব্যাংক ফেনী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা বাবুল চন্দ্র পাল গতকাল প্রথম আলোকে মুঠোফোনে জানান, তাঁরা গতকাল দুপুর পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয়ের কোনো লিখিত নির্দেশনা পাননি। তবে বেলা দুইটা ৪০ মিনিটে ঢাকা লোকাল কার্যালয় থেকে মুঠোফোনে শিক্ষকদের বেতন ও বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ফেনী জোনাল কার্যালয়ও সংশ্লিষ্ট সব শাখায় টেলিফোনে এবং মুঠোফোনে শিক্ষকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খোন্দকার জানান, ফেনী জেলা সদর ও উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকেরা বেতনের জন্য অপেক্ষা করে বাড়ি চলে গেছেন। বেলা তিনটার পর কয়েকজন শিক্ষক বেতন তুলতে পেরেছেন।