২২৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২৫টি মোটরসাইকেল এবং এক হাজার গাড়ির মূল ও বৈধ কাগজপত্রের অনুলিপি উদ্ধার করেছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা মোটরসাইকেল নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর মডেল থানায় প্রেস ব্রিফিং করেন মিরপুরের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ। তিনি দাবি করেন, এত বেশি চোরাই মোটরসাইকেল আগে কখনো উদ্ধার করা হয়নি।
উপকমিশনার জানান, ৬ জুলাই মিরপুর পুলিশ সেখানকার ইউসিবিএল ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ছাদেক ওরফে আকবর নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঢাকা জেলার আশুলিয়া, মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট, ফরিদপুরের সদর থানা, যশোরের কোতোয়ালি ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরদের নেতা আশিকুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উপকমিশনার আরও বলেন, এরপর আশিকের দেওয়া তথ্যমতে পুলিশ সাতক্ষীরায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। এঁরা হলেন মোস্তাফিজুর রহমান (৩৮), ফজলুল করিম (২১), সরফা দালাল (৪০), মারুফ বিল্লা (৫০), মনিরা পারভীন (২২), মীর আরিফুজ্জামান (৪০), নূর মোহাম্মদ (২৭), শাহজাহান শেখ (২০), তরিকুল ইসলাম (৩২), হারুন অর রশিদ (২৮), মকবুল হোসেন (৪৫), ওয়াহিদুজ্জামান (৪২) ও আনোয়ার হোসেন। এঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২৫টি মোটরসাইকেল, এক হাজার গাড়ির কাগজপত্র এবং মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে এসব ছিনতাইকারী জানায়, মোটরসাইকেল ছিনতাইকারীরা চার ভাগে বিভক্ত হয়ে কাজ করে। একটি দল মোটরসাইকেল চুরি বা ছিনতাই করে। অন্য দলটি চোরাই মোটরসাইকেলের মূল
মালিকের সঙ্গে যোগাযোগ করে আসল কাগজপত্র কিনে নেয়। পরের দল মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে। শেষ দলটি বিভিন্ন শোরুমে সেগুলো বিক্রি করে।