২২৭টি বিদ্যালয় বন্ধ রেখে হুইপকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় বন্ধ রেখে ক্ষমতাসীন দলের হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম রেজাউল করিম।এ উপলক্ষে রোববার উপজেলার ২২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষক নিজ নিজ বিদ্যালয় সোমবার বন্ধ ঘোষণা করেন। ফলে গতকাল প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত থাকে। জানা গেছে, ওই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ ফিরোজকে তাঁর ছবিখচিত ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামসুল আলম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুত্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার প্রমুখ। সংবর্ধনা শেষে বেলা দেড়টার দিকে হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে শিক্ষকদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ ব্যাপারে এস এম রেজাউল করিম বলেন, কাউকে খুশি করতে নয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ করায় প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে এক দিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষকেরা হুইপকে সংবর্ধনা দিয়েছেন ও আনন্দ শোভাযাত্রা করেছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা লুত্ফর রহমান বলেন, শিক্ষক ঐক্য পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংরক্ষিত ছুটি হিসেবে এই দিন বাউফলের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়।