২২৮ বছরের কারাগার এখন শুধুই স্মৃতি

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে সম্প্রতি ‘সংগ্রামী জীবনগাথা’ শিরোনামে একটি আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়ে গেল। সেই প্রদর্শনীতেই ব্রিটিশ আমলে নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি পুরোনো ছবি পাওয়া গেল। নাজিমউদ্দিন রোডের এই কারাগারটি দেশের প্রাচীনতম কারাগার। ২২৮ বছরের পুরোনো এই কারাগারের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের স্মৃতি। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, মোগল সুবাদার ইব্রাহিম খান ঢাকার চকবাজারে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ১৭৮৮ সালে ওই দুর্গের ভেতরে অপরাধী রাখার জন্য একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণ করা হয়। এই দুর্গটিকেই একপর্যায়ে কারাগারে রূপান্তর করা হয়। আঠারো শতকের শেষ দিকে ঢাকা কারাগারে ১০টি ওয়ার্ড ছিল এবং সে সময়ে গড়ে ৫০০ থেকে ৫৫০ জন বন্দী রাখা হতো। বেঙ্গল জেল কোডে যে কয়টি কারাগারের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার অন্যতম। এই কারাগারে বন্দীদের জন্য ৪৮টি ওয়ার্ড, ১২টি সেল ও ২৩৩টি কক্ষ ছিল। বন্দীদের সাক্ষাতের জন্য একটি দ্বিতল ভবন ও প্রধান ফটকসংলগ্ন অফিস ভবন ছিল। কেন্দ্রীয় এই কারাগারের সঙ্গে জড়িয়ে আছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অনেক স্মৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন এখানে কারাবন্দী ছিলেন। তাঁর স্মৃতি রক্ষার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেওয়ানি সেলকে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জাদুঘর প্রাঙ্গণে রয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো একটি কামিনী ফুলগাছ ও একটি সফেদাগাছ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তাঁদের স্মরণেও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। পুরান ঢাকার ব্যস্ততা, ভিড়, কারাগারের নিরাপত্তা ও অধিকসংখ্যক বন্দীর অবস্থান বিবেচনায় এ বছরের ২৯ ও ৩০ জুলাই নাজিমউদ্দিন রোড থেকে কেন্দ্রীয় কারাগার সরিয়ে নেওয়া হয়েছে কেরানীগঞ্জে। জেল কর্তৃপক্ষ ও জার্নি নামের একটি সংস্থার যৌথ উদ্যোগে চলতি মাসেই কেন্দ্রীয় কারাগারটি দর্শকদের জন্য প্রথমবারের মতো উন্মুক্ত করা হলে হাজারো দর্শনার্থীর ঢল নামে।
লেখা: শরিফুল হাসান, ছবি: জাহিদুল করিম