২২৮৫ দিন পর আবার বিশ্বভ্রমণে সাত্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আমলাতন্ত্রকে পরাজয় করতে ২ হাজার ২৮৩ দিন লেগেছে তাঁর। এরপর আরও দুদিন সময় নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোডের একটি গ্যারেজের সামনে থেকে নিজের সেই গাড়ি চালিয়ে আবার বিশ্বভ্রমণে বের হলেন আবদুস সাত্তার। এই গ্যারেজে তিনি গাড়িটি মেরামত করিয়েছেন।

আজ অথবা কাল ঢাকার কাকরাইলের স্কাউট ভবনে একটি অনুষ্ঠান করার পর তিনি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন। অর্থমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে কাকরাইলে তিনি অনুষ্ঠানটির আয়োজন করছেন।

বিশ্বভ্রমণে বের হওয়ার আগে আবদুস সাত্তার গতকাল প্রথম আলোকে বলেন, ‘একটিমাত্র গাড়ি দিয়ে বিশ্বভ্রমণ করতে পারলে গিনেস বুকে নাম ওঠার সম্ভাবনা থাকে। এই গাড়ির জন্য আমার ছয় বছরের বেশি সময় নষ্ট হয়েছে বাংলাদেশে। গাড়িটি চট্টগ্রাম বন্দরের কনটেইনারের ভেতরে থাকায় কিছু যন্ত্রাংশ নষ্ট হয়েছে। তাতে আমার কোনো ক্ষোভ নেই। আমি আবার বিশ্বভ্রমণে বের হতে পেরেছি। আমার স্বপ্ন—গিনেস বুকে নাম তোলা। আমি এ জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

বাংলাদেশে জন্ম নেওয়া কানাডার এই নাগরিক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে নিজের গাড়ি নিয়ে ২০১০ সালের মে মাসে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তান সফর শেষে তিনি করাচি বন্দরে জাহাজে তুলে দেন তাঁর গাড়ি। কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে গাড়িটি বের করতে তাঁর সময় লাগল ২ হাজার ১৬৭ দিন বা প্রায় ছয় বছর।

ছয় বছরের বেশি সময় লাগল গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করাতে। গতকাল প্রিয় সেই গাড়ি নিয়ে আবার বিশ্বভ্রমণ শুরু করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক আবদুস সাত্তার। ছবিটি চট্টগ্রাম নগরের শেখ মুজিব সড়কের দেওয়ানহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
ছয় বছরের বেশি সময় লাগল গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করাতে। গতকাল প্রিয় সেই গাড়ি নিয়ে আবার বিশ্বভ্রমণ শুরু করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক আবদুস সাত্তার। ছবিটি চট্টগ্রাম নগরের শেখ মুজিব সড়কের দেওয়ানহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

বছরের পর বছর বাংলাদেশের এই দপ্তর থেকে ওই দপ্তর, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে ছুটতে হয়েছে আবদুস সাত্তারকে। তত দিনে বিশ্বভ্রমণের আশা শিকেয় ওঠার জো। জেদ চাপে তাঁর, গাড়ি না নিয়ে তিনি ফিরবেন না। এই ছয় বছরে একবারের জন্যও কানাডায় যাননি তিনি। শেষ পর্যন্ত জয় হয়েছে তাঁর। আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ঘুচিয়ে গত ৪ মে চট্টগ্রাম বন্দর থেকে গাড়িটি খালাস করতে পেরেছেন তিনি। এই গাড়ি নিয়ে অসমাপ্ত বিশ্বভ্রমণ গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তিনি। ৫৭ বছর বয়সে বিশ্বভ্রমণে বের হওয়া মানুষটির বয়স এখন ৬৩। জাপানের তৈরি মিতসুবিশি আউটল্যান্ডার গাড়ি নিয়ে ২০০৯ সালে আবদুস সাত্তার যখন বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ঘর ছাড়েন, তখন তাঁর ভ্রমণসঙ্গী ছিলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়, নাম স্যাল বয়। তবে এখানে এসে ‘ধৈর্যহারা’ হয়ে তিনি কিছুদিন পর ফিরে যান কানাডায়।

চট্টগ্রাম বন্দর থেকে গাড়িটি খালাস করার পর চৌমুহনী এলাকার একটি গ্যারেজে এর মেরামত শুরু হয়। চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনারের ভেতরে পড়ে থাকায় মরিচা ধরেছিল। অনেক যন্ত্রাংশ বাজারে পাওয়া যাচ্ছিল না। বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ এনে এটি মেরামত করতে ৪৯ দিন লেগে যায়। গত ২১ জুন গাড়িটি মেরামত শেষ হলেও দেশত্যাগের জন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ড থেকে ১৫ দিন সময় পেয়েছিলেন। মেরামতে ৩৩ দিন বেশি সময় লাগায় তিনি আবার রাজস্ব বোর্ডে গত ২২ জুন ৭ থেকে ১০ দিন সময় বাড়ানোর আবেদন করেন। তাঁর সেই আবেদন মঞ্জুর হয় ২৮ আগস্ট।

সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করতে গিয়ে আবার আমলাতন্ত্রের শিকার হন সাত্তার। আবার তাঁকে ঢাকার বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয়েছে। অদম্য সাত্তার নিজের স্বপ্ন বাস্তবায়নে পিছপা হননি। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। বাংলাদেশের আমলাতন্ত্রকেও তিনি পরাজিত করতে সক্ষম হন।

পেশায় হিসাবরক্ষক আবদুস সাত্তার কানাডার টরন্টো শহর থেকে ২০০৯ সালের ২ আগস্ট যাত্রা শুরু করেন। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইংল্যান্ড, তারপর ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, সার্বিয়াসহ আরও কয়েকটি দেশ ঘুরে তুরস্কে যান। তারপর ইরান ও পাকিস্তান হয়ে বাংলাদেশ।

গত ছয় বছরের কষ্টের কথা বলতে গিয়ে আবদুস সাত্তার আবার কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি। অর্থমন্ত্রীর প্রচেষ্টাতেই তিনি গাড়িটি পেয়েছেন বলে জানান। সাত্তার বলেন, ‘আমলাতন্ত্রের সব জট উপেক্ষা করে মন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে গাড়িটি পাই। চট্টগ্রাম বন্দরে গাড়িটি ছয় বছর পড়ে থাকায় সব মিলিয়ে ৪৩ লাখ টাকা ভাড়া অর্থমন্ত্রীর কারণে মওকুফ করে দেওয়া হয়।’