
চট্টগ্রাম সিটি করপোরেশন নিজেদের ২২৯টি ভবন ভূমিকম্প-ঝুঁকিতে আছে কি না, তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এসব ভবনের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবিতান ও ওয়ার্ড কার্যালয়।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এই কার্যক্রম পরিচালনার জন্য ‘ইকলেকটিক’ নামের একটি প্রকৌশল-পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার থেকে জরিপ কার্যক্রম শুরু করেছে। ১৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে নগরের ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সব স্থাপনা পরীক্ষা করে দেখবে প্রতিষ্ঠানটি।
সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) এক গবেষণায় বলা হয়েছে, রিখটার স্কেলে ৮ দশমিক ৫ মাত্রার ভূকম্পন হলে চট্টগ্রাম নগরের ৭৮ শতাংশ ভবন ধসে পড়তে পারে। এতে ৯৫ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। নগরের বিদ্যালয়ের ভবনগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কী হতে পারে, তা নিয়ে ২০০৯ সালে গবেষণাপত্রটি প্রকাশ করে সিডিএমপি। ওই সময় চট্টগ্রাম শহরে ভবন ছিল ১ লাখ ৮২ হাজার। গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে চট্টগ্রাম নগরের ১১টি ভবন হেলে পড়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জরিপ কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, করপোরেশনের ভবনগুলো ভূমিকম্প-ঝুঁকিতে আছে কি না, তা পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। ভবনগুলো যদি ভূমিকম্প-ঝুঁকিতে থাকে, তাহলে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরামর্শক প্রতিষ্ঠান যেভাবে প্রস্তাব দেবে, সেভাবেই সংস্কারকাজ করা হবে।
পরিদর্শনের প্রথম দিন গতকাল ইকলেকটিকের কর্মকর্তারা সিটি করপোরেশনের পরিচালনাধীন কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন।
ইকলেকটিকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ভবনগুলোতে কোনো ফাটল কিংবা বিচ্যুতি রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ভবনগুলো কমবেশি কতটুকু ঝুঁকিপূর্ণ, তারও শ্রেণিকরণ করা হবে। পরিদর্শনের কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন সিটি করপোরেশনের কাছে জমা দেওয়া হবে। এই কাজ শেষ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে জানান তিনি।
অবশ্য বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানের বদলে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই জরিপকাজ পরিচালনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটিতে সিটি করপোরেশন ও সিডিএর প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাখা যেতে পারত। এই কমিটি দিয়ে কাজ করালে তা অনেক বেশি নিরপেক্ষ হতো।
নগরের অন্য ভবনগুলোতে এই কার্যক্রম পরিচালনা করার চিন্তাভাবনা রয়েছে কি না, জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এটি করতে পারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কেননা, সিডিএ নগরের ভবনগুলোর নকশা অনুমোদন দেয়।’