চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার ২৩ আসামিকে গতকাল বুধবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করেছেন আদালত। আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁরা কোনো সাফাই সাক্ষী দেবেন না এবং এ ঘটনায় তাঁদের কোনো বক্তব্য নেই বলে তাঁরা আদালতকে জানান।
মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ শুনানি হয়। দুই মামলার প্রধান আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য ১১ আসামির ৩৪২ ধারায় পরীক্ষার শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য রয়েছে। আসামিদের পরীক্ষার পর সাফাই সাক্ষী নেবেন আদালত। এর পরই যুক্তিতর্ক শুনানি হবে। যুক্তিতর্কের পর রায় ঘোষণার দিন ধার্য করা হতে পারে। আসামি বাবরের আইনজীবী মামলার শুনানি পেছাতে সময় প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ৩৪২ ধারায় পরীক্ষা করা আসামিরা হলেন মো. রফিক, কবির আহমেদ, আবদুল মান্নান, আবদুল মালেক, মনজুরুল আলম, কামাল মিয়া, সাইফুদ্দীন, আবদুস সোবহান, বজল আহমেদ, এজাহার মিয়া, বাদশা মিয়া, শেখ আহমেদ, নজির আহমেদ, আনোয়ার হোসেন, দিলজার হোসেন, আবদুল আজিজ, জসিম উদ্দিন, ছালে জহুর, আরজু মিয়া, আকবর আলী, আকতার হোসেন, মনির আহম্মেদ ও জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্যে দুই আসামি জামিনে থাকায় আদালতে হাজির হননি। আইনজীবী তাঁদের বৃহস্পতিবার হাজির করবেন বলে আদালতে জানান।
দুই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ আসামিদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অপরাধ পড়ে শোনান। পরে পিপি আসামিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দোষী না নির্দোষ। আপনাদের কোনো বক্তব্য আছে কি না। সাফাই সাক্ষী দেবেন কি না।’ উত্তরে হাত নেড়ে ২৩ আসামি বলেন, ‘আমরা নির্দোষ। আমরা কোনো সাফাই সাক্ষী দেব না।’
পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মামলার আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলা চলায় ঢাকায় রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ৩৪২ ধারায় পরীক্ষা করা হয়নি। নিজামীকে বৃহস্পতিবার (আজ) চট্টগ্রামে হাজির করা হবে। ওই দিন নিজামী, বাবরসহ ১১ আসামির ৩৪২ ধারা হবে।’
প্রায় এক ঘণ্টা শুনানি হওয়ার পর বেলা দুইটা ৩০ মিনিটে আসামি বাবরসহ আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের আনোয়ারায় সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে।