২৩ কর্মচারীর ২৩ মাস ধরে বেতনবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের সময় ৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫১ জনকে নিয়োগ দেওয়া হয়। এ সময় বাদ পড়েন ২৩ জন কর্মচারী। ২৩ মাস ধরে তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।

সাফারি পার্কের বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে প্রকল্পের অধীনে সাফারি পার্কে ২৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ সময় প্রকল্পের অধীনে সর্বমোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৭৪ জনে। সরকার ২০১০ সালের নভেম্বরে যোগ্যতার ভিত্তিতে ৫১ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে। তখন প্রকল্পের সব কার্যক্রম সরকার বন্ধ ঘোষণা করলে ২০১১ সালের জুলাই থেকে এই ২৩ জনের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

গতকাল সোমবার বেলা দেড়টায় সাফারি পার্কের প্রবেশপথে কথা হয় নৈশপ্রহরী আবদুল জলিলের (৪৫) সঙ্গে। তিনি ২০০৭ সালের এপ্রিলে প্রকল্পের অধীনে পার্কের চাকরি নেন। সব মিলিয়ে বেতন পেতেন আট হাজার টাকা। এ টাকা দিয়েই চলে ছয় সদস্যের সংসার। ২০১০ সালে পার্কের ৫১ জন কর্মকর্তা-কর্মচারীকে সরকার রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করলে ওই সুযোগ থেকে বাদ পড়েন আবদুল জলিল। তবে তিনি এখনো পার্কে কাজ করছেন।

আবদুল জলিল বলেন, ‘২৩ মাস ধরে বেতন পাচ্ছি না। বাড়ি থেকে ছেলে প্রতি মাসে চার হাজার টাকা পাঠায়। এগুলো দিয়ে কোনোরকমে চলতে পারি।’ সরকার বেতন না দেওয়ার পরও কেন বিনা বেতনে চাকরি করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাদ পড়া ২৩ জনের ১১ জনকে দ্বিতীয় পর্যায়ে সরকার রাজস্ব খাতে নেওয়ার জন্য চেষ্টা করছে। ওই তালিকায় নাম থাকায় বেতন না পেলেও কাজ করে যাচ্ছি।’ তিনি সরকারকে দ্রুত তাঁদের চাকরি বহাল রাখার দাবি জানান। তাঁর মতো দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত আরও ১০ জন কর্মচারী একইভাবে বিনা বেতনে এখনো কাজ করে যাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজস্ব খাতে নিয়োগ পাওয়া ৫১ জনের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৩৮ জন। অন্য ১৩ জন কর্মকর্তা-কর্মচারী বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।

তিনি আরও জানান, বাদ পড়া ২৩ জন কর্মচারীর মধ্যে যোগ্যতার ভিত্তিতে সরকার ১১ জনকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির চেষ্টা করছে। ওই ১১ জন নিজের ইচ্ছাতেই বিনা বেতনে পার্কে চাকরি করছেন। বন মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত চিঠিতে বলা হয়েছে, রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের জন্য যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের পার্কেই অবস্থান করতে হবে। অন্য ১২ জনের চাকরি থাকার সম্ভাবনা নেই বলে জানান তিনি।