২৩ কোটি টাকার জায়গা উদ্ধার করল সিডিএ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত নগরের সিডিএ অ্যাভিনিউয়ের এক পাশে অভিযান চালিয়ে প্রায় ৪৭ শতক জায়গা উদ্ধার করেছেন। এর বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা বলে জানিয়েছেন সিডিএর কর্মকর্তারা।
আজ রোববার নগরের মুরাদপুর থেকে এন মোহাম্মদ কনভেনশন সেন্টার পর্যন্ত আধা কিলোমিটার এলাকা থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদের সময় দেয়ালধসে সাত শ্রমিক আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. মহিউদ্দিন, মো. ইবু, মো. রনি, মো. শাহীন ও নয়ন।
সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযানের জন্য মুরাদপুর থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কের এক পাশে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রীদের হেঁটে ও বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে দেখা যায়। আর দুটি বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, নির্বাহী প্রকৌশলী ও মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। এতে সহায়তা করেন নগর পুলিশ ও সিডিএর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সিডিএ অ্যাভিনিউ নির্মাণের জন্য ১৯৬১ সালে জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে অনেক অংশে ভূমি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এখন সিডিএ অ্যাভিনিউতে উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। এ জন্য সড়ক সম্প্রসারণ করতে হবে। তাই সিডিএ অ্যাভিনিউয়ের বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে তিন দিনব্যাপী অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। উদ্ধার করা জায়গা সড়ক সম্প্রসারণ, নালা ও ফুটপাত নির্মাণে ব্যবহার করা হবে। দ্রুত সময়ের মধ্যে এ কাজ শুরু হবে।