ভালো ফলাফলের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও শিক্ষককে ২৩ কোটি ১৫ লাখ টাকার উদ্দীপনা পুরস্কার দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিয়াম মিলনায়তনে মন্ত্রণালয় সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় এ পুরস্কার দেয়।উদ্দীপনা পুরস্কার পেয়েছে এক লাখ ১০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৪৫ হাজার শিক্ষার্থী শ্রেণী সাফল্যের জন্য ৫০০ টাকা এবং ৬৫ হাজার শিক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দেড় হাজার টাকা করে পেয়েছে। ইংরেজি ও গণিত বিষয়ের ছয় হাজার শিক্ষক ১০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছে। এ ছাড়া দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ২০ হাজার এবং সার্বিকভাবে ভালো করায় ১৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ প্রকল্পের অধীনে ছয় লাখ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর জন্য ইংরেজি ও গণিতের অতিরিক্ত ক্লাস নেওয়া হয়। এ দুই বিষয়ে পাসের হার বাড়ায় সার্বিক পাসের হার ৮০ শতাংশের ওপরে উঠেছে।শিক্ষামন্ত্রী বলেন, শুধু নিজেরা পুরস্কার পেলে হবে না, পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও প্রতিযোগিতায় নিয়ে আসতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মোখলেছুর রহমান প্রমুখ। শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পটি ১২২টি উপজেলার পিছিয়েপড়া ছয় হাজার ৮০৮টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, ঝরেপড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষকদের দক্ষতা ও সার্বিক ফলাফলের জন্য এ উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়।