২৩ কোটি টাকার কাজের দরপত্র দাখিলে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চার গ্রুপের ২৩ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র দাখিলে বাধা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ঠিকাদার ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ইয়ানুর বলেন, গতকাল সোমবার ছিল পানি উন্নয়ন বোর্ড-১-এর চার গ্রুপের ২৩ কোটি টাকার ব্লক বসানো ও জিও টেক্সটাইল ব্যাগ সাপ্লাই কাজের দরপত্র দাখিলের শেষ দিন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর প্রতিষ্ঠান ডার্ডফিল্ট লিমিটেডের পক্ষে ও রাসেল রহমান এমআর এল জেসির পক্ষে দরপত্র জমা দিতে নির্বাহী প্রকৌশলীর কক্ষে যান। এ সময় ঠিকাদার এনামুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী নির্বাহী প্রকৌশলীর সামনেই তাঁদের ওপর হামলা চালায় এবং দরপত্র ছিনিয়ে নেয়। এ ছাড়া এনামুল পিস্তলের বাঁট দিয়ে তাঁকে (ইয়ানুর) আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে তাঁকে উদ্ধার করে ভোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ইয়ানুর অভিযোগ করেন, হামলার সময় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের বাইরে একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় সদর থানায় মামলা করতে গেলে ওসি মামলাও গ্রহণ করেননি। এ জন্য তিনি এখন আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।জানতে চাইলে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ডে ইয়ানুর রহমানের সঙ্গে এনামুল হকের কথা-কাটাকাটি হয়েছে মাত্র। দরপত্র ছিনতাই, হাতাহাতি, পিস্তলের বাঁট দিয়ে আঘাতের অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ‘ইয়ানুরের সঙ্গে থানায় আমার সরাসরি দেখা হয়নি। মুঠোফোনে কথা হয়েছে। আমি তাঁকে বলেছি, যা সত্য তাই লিখে জমা দিলে আমি অভিযোগ গ্রহণ করব।’ ভোলা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘আমার সামনে দরপত্র ছিনতাই, পিস্তলের বাঁট দিয়ে আঘাত ও হামলার কোনো ঘটনা ঘটেনি। আমি ঠিকাদার দুই পক্ষের কথা-কাটাকাটি দেখেছি, কিন্তু কাউকে চিনি না।’ এদিকে ঠিকাদার ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, ইয়ানুর রহমান কোনো শিডিউলই কেনেননি। একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্য তিনি দলবল নিয়ে পাউবোর কার্যালয়ে গিয়েছিলেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এনামুল বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডে কোনো দরপত্র জমা দিইনি। তাই সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা।’