২৩ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ১৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে ২৩ জন বিবৃতিদাতার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষ শুনানি করে। শুনানিতে আদালত অবমাননার জন্য ২৩ জনের যথাযথ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, তাঁরা তাঁদের বিবৃতির মাধ্যমে আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।
বিবৃতিদাতা ২৩ জন হলেন জাফরুল্লাহ চৌধুরী, আফসান চৌধুরী, আনু মুহাম্মদ, মাসুদ খান, শিরীন হক, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, ফরিদা আখতার, শহীদুল আলম, সি আর আবরার, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী ও দেলওয়ার হোসেন।
গতকাল কার্যক্রমের শুরুতে জাফরুল্লাহ চৌধুরী, শহীদুল আলম ও নিজের পক্ষে লিখিত জবাব পড়ে শোনান শিরীন হক। এতে বলা হয়, ট্রাইব্যুনালকে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। বার্গম্যানকে দেওয়া ট্রাইব্যুনালের সাজার যৌক্তিকতা নিয়ে তাঁরা কোনো প্রশ্ন তোলেননি। তাঁরা শুধু নিজস্ব মত দিয়ে বলেছেন যে এই রায় মতপ্রকাশের স্বাধীনতার ওপর কী প্রভাব ফেলতে পারে। এটা গঠনমূলক সমালোচনার মধ্যে পড়ে।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ শুনানিতে বলেন, বিবৃতিদাতারা ট্রাইব্যুনালের সাজা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিবৃতির একটি অংশ ট্রাইব্যুনালকে পড়ে শোনান। পরে বলেন, এর মাধ্যমে তাঁরা (২৩ জন) ট্রাইব্যুনালের প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন।
গত ১ এপ্রিল ওই ২৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালত অবমাননার রুল দেন।