বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে ২৩ জনের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ জন্য তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেছেন, বিবৃতির জন্য তাঁরা ‘দুঃখ’ প্রকাশ করেছেন, আবার বিবৃতির পক্ষে যুক্তি দিয়েছেন। দুটি একসঙ্গে চলতে পারে না। ট্রাইব্যুনালের মনে হয়েছে, এই দুঃখ প্রকাশ সত্যিকারের আন্তরিকতা থেকে করা হয়নি, বরং নিজেদের বাঁচানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এ জন্য তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ওই ২৩ জন হলেন মাসুদ খান, আফসান চৌধুরী, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনু মুহাম্মদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, ফরিদা আখতার, শিরীন হক, জাফরুল্লাহ চৌধুরী, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, শহীদুল আলম, সি আর আবরার, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী ও দেলওয়ার হোসেন। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ২৩ এপ্রিলের মধ্যে তার জবাব ট্রাইব্যুনালে দিতে হবে।
আদালত অবমাননার দায়ে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
গতকালের আদেশে ট্রাইব্যুনাল আরও বলেন, ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর বিষয়েও আদেশ দেওয়া হবে। গত বছরের ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘মাজলিং স্পিচ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সম্পাদকীয় ছাপা হয়। এতে আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়। গত ১১ ফেব্রুয়ারি এ বিষয়ে পত্রিকাটির কাছে ট্রাইব্যুনাল ব্যাখ্যা চান। ওই আদেশ পাওয়ার পরেও পত্রিকাটি জবাব দেয়নি।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ জন নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দেন। ওই বিবৃতির ওপর ভিত্তি করে ২০ ডিসেম্বর প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন। ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান। পরে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।