২৩ জুন টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে ২৩ জুন থেকে সারা দেশে খোলা ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

একই দিন থেকে ঢাকায় চারটি ও অন্যান্য বিভাগীয় শহরে একটি করে মোট ১০টি নিজস্ব বিক্রয়কেন্দ্রেও এই চার পণ্য বিক্রি করবে সংস্থাটি।

এসব ট্রাক ও বিক্রয়কেন্দ্রে এক লিটারের সয়াবিন তেলের পেট বোতল ১২১ টাকা ও খোলা তেল ১০৫ টাকা, পাম তেল লিটারপ্রতি ৭৫ টাকা, প্রতি কেজি চিনি ৪৪ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও ছোলা ৬০ টাকায় বিক্রি হবে।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে জানান, সারা দেশে ১৭৪টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং প্রতিটি জেলা সদরে দুটি করে ট্রাকে পণ্য বিক্রি হবে।

প্রতিটি ট্রাকে প্রতিদিন এক হাজার কেজি চিনি, ২০০ কেজি করে মসুর ডাল ও ছোলা এবং ২০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, বিক্রয়কেন্দ্রে বিক্রির জন্য প্রতিজন ডিলারকে এক হাজার থেকে পাঁচ হাজার কেজি চিনি, ৫০০ থেকে এক হাজার কেজি মসুর ডাল. ৪০০ থেকে এক হাজার লিটার ড্রামজাত সয়াবিন তেল, ২০০ লিটার পেট বোতল সয়াবিন তেল, ২০০ লিটার পাম তেল ও দেড় হাজার কেজি ছোলা বরাদ্দ দেওয়া হবে।