ঢাকাসহ সারা দেশে ২৩ জুলাই বিক্ষোভ মিছিল করবে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট। গতকাল মঙ্গলবার ঢাকায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল দুটি এ কর্মসূচি ঘোষণা করে।গত শনিবার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চার দলের বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত হয়। জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসও অনুরূপ কর্মসূচি পালন করবে। সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল, ভোটের অধিকার হরণ, জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আরাফাত রহমান কোকোর সাজা প্রদানের প্রতিবাদে এবং বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলাকারীদের শাস্তির দাবিসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও সংশোধিত সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি যুক্ত করেছে।এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ছেড়ে এইচ এম এরশাদের জাতীয় পার্টি চারদলীয় জোটে আসতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে বলেও জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে বলা হয়েছে। একই রকম ইঙ্গিত আগের দিন এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও দিয়েছিলেন।বিএনপির সংবাদ সম্মেলন: নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সকালে বিএনপির যৌথ সভা শেষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে কর্মসূচিতে সরকার কোনো রকম বাধা দেবে না। কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হলে তার দায়ভার সরকারকে নিতে হবে। তিনি বলেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে বেলা তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল হবে।মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের যৌথ সভায় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ, বরকত উল্লাহ ও রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। এরশাদকে স্বাগত জানাবে জামায়াত: গতকাল দুপুরে রাজধানীর বড় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি চার দলের শরিক হলে জামায়াত বিষয়টি কীভাবে নেবে—সংবাদিকদের এ প্রশ্নের জবাবে এ টি এম আজহারুল বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই ভূমিকা রাখবে, আমরা তাদের স্বাগত জানাব। তাদের সবাইকে নিয়ে শুধু জোট নয়, মহা ঐক্য গড়ে তোলা হবে।’এরশাদকে তো জামায়াত বিভিন্ন সময় স্বৈরাচার বলে কটাক্ষ করেছে, সাংবাদিকেরা এ কথা মনে করিয়ে দিলে এ টি এম আজহার বলেন, ‘আওয়ামী লীগ এখন একটি জগদ্দল পাথর। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ পাথর সরাতে হবে।’এ টি এম আজহার অভিযোগ করেন, সরকার দলীয় লোক দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত নেতাদের শাস্তি দেওয়ার জন্য বিচারের নামে প্রহসন করছে। দেশের জনগণ এ বিচার প্রতিহত করবে বলে তিনি উল্লেখ করেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সভা: বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সাধারণ সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টায় সভা শুরু হবে। হাবিব উন নবী খানের নেতৃত্বে সাধারণ সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।