২৩ জেলায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল সমকাল-এর সাংবাদিক-কর্মীরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন l প্রথম আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল সমকাল-এর সাংবাদিক-কর্মীরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন l প্রথম আলো

সমকাল-এর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম হত্যার প্রতিবাদে গতকাল রোববার দেশের ২৩টি জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশ থেকে হত্যাকারীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আবদুল হাকিম গত শুক্রবার মারা যান। তিনি শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত পৌর মেয়র হালিমুল হকের শটগানের গুলিতে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপজেলা সাংবাদিক নাগরিক ঐক্য পরিষদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।
গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে দুপুরে মানববন্ধন, সমাবেশ ও শোভাযাত্রা করেন সাংবাদিকেরা। একই দাবিতে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকেরা মানবপ্রাচীর তৈরি ও ইউএনওকে স্মারকলিপি দেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সামনে ও উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন সাংবাদিকেরা। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে নেত্রকোনা সাংবাদিক সমাজ এবং সমকাল-এর পাঠক সংগঠন ‘সুহৃদ সমাবেশ’ জেলা কমিটি মানববন্ধন করে।
পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকেরা। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পাবনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন থেকে অবিলম্বে শিমুল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। বগুড়ার দুপচাঁচিয়ায় সিও অফিস বাসস্ট্যান্ড এবং শেরপুরে বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জ ও রায়গঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গোপালগঞ্জে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে। চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা আগামী সাত দিনের জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সুনামগঞ্জের ধরমপাশায় মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ।
জামালপুরের বকশীগঞ্জ ও খাগড়াছড়িতে মানববন্ধন থেকে সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন স্থানীয় সাংবাদিকেরা। ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা বন্ধের দাবি জানান। ফেনী প্রেসক্লাব শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে।
সাংবাদিক হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনালের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।