জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সাংগঠনিক সফরে যাবেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।
আজ শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের এক জরুরি যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দেশের আর্থসামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, যুদ্ধাপরাধী জামায়াত ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় সন্ত্রাসীরা দেশে হত্যা, খুন, লুটতরাজ, অগ্নিসংযোগ, বোমাবাজি, বৃক্ষনিধন, সড়ক-মহাসড়কের ক্ষতিসাধন করছে। পাকিস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী দেশে নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশকে অকার্যকর, জঙ্গি ও তালেবানি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় সভায়।
বর্তমান পরিস্থিতিতে ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত বিভিন্ন দল সাতক্ষীরা, নড়াইল, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম জেলায় সাংগঠনিক সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌথসভায় উপস্থিত ছিলেন মীর্জা আজম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, মোল্লা আবু কাওছার, আশরাফুন্নেসা মোশাররফ, পিনু খান, সিরাজুল ইসলাম, শামসুল হক রেজা, নাজমা আক্তার, অপু উকিল, বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, আতাউর রহমান আতা, মঞ্জুরুল আলম শাহীন, উম্মে কুলসুম স্মৃতি, সালেহ মোহাম্মদ টুটুল, সাধনা দাসগুপ্ত প্রমুখ।