২৩ ডিসেম্বর পর্যন্ত হরতাল দেবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো পরিস্থিতির উদ্ভব না হলে ২৩ ডিসেম্বর পর্যন্ত হরতাল দেবে না বিএনপি। এ সময়ের মধ্যে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। তবে, সরকার বাধ্য করলে যেকোনো ধরনের কর্মসূচি দেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার ১৮ দলের ডাকা আধা বেলা হরতাল শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ ও ২৬ ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকায় এবং জেলা পর্যায়ে জোট নেতাদের অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি রয়েছে। গত ২৮ নভেম্বর নয়াপল্টনে ১৮ দলের সমাবেশে এ কর্মসূচি দেন খালেদা জিয়া।বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আপনি খালেদা জিয়াকে গ্রেপ্তার করবেন, আমরা তখন নিশ্চয় ললিপপ চুষব না।’তরিকুল দাবি করেন, সরকারদলীয় মন্ত্রী ও নেতাদের প্রেরণায় ছাত্রলীগের ঘাতকেরা বিশ্বজিৎ দাসকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এই হত্যাকাণ্ডের অনুপ্রেরণাদাতা। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তরিকুল বলেন, ‘আগেভাগেই কারাগার সংস্কার করে রাখুন। আপনার ক্রিমিনাল অফেন্সের (ফৌজদারি অপরাধ) কী শাস্তি হবে, সেটা ভাবুন।...আপনাদের মতো অপরাধীদের জনগণ উন্মুক্ত প্রাঙ্গণে বিচার করবে। কারণ, আপনি মিথ্যাবাদী এবং সন্ত্রাসের উসকানিদাতা। ছাত্রদের ক্রিমিনালে পরিণত করার দায়ে নিজের পরিণতির কথা ভেবে রাখুন।’স্থায়ী কমিটির বৈঠক: গত রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। দলীয় সূত্রে জানা গেছে, এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে গ্রেপ্তার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগ, স্কাইপে ফাঁস হওয়া তাঁর কথোপকথন এবং এ নিয়ে খবর প্রকাশ করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হলে ‘সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের’ প্রতিবাদে বড় ধরনের কর্মসূচি ঘোষণার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠক শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার থাকা বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও দুই ছেলে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।