২৩ ড্রাম সালফিউরিক এসিড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার বন্ধু ব্যাটারির গুদাম থেকে ২৩ ড্রাম সালফিউরিক এসিড উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ওই অভিযান পরিচালনা করেন। আদালত দোকানের মালিক আলমগীর হোসেনকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে আলমগীর ওই পরিমাণ টাকা পরিশোধ করে ছাড়া পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান জানান, ২০০২ সালের ১৭ মার্চ প্রণীত এসিড আইনের ৩৮ নম্বর ধারায় ওই সাজা দেওয়া হয়। এতে বলা হয়, ‘কোনো ব্যক্তি যদি সজ্ঞানে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনের জন্য তাঁহার মালিকানাধীন বা দখলীয় কোনো বাড়িঘর, জায়গাজমি, যানবাহন, যন্ত্রপাতি বা সাজসরঞ্জাম ব্যবহার করিতে অনুমতি দেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব পাঁচ বছরের ও অন্যূন এক বছর সশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।’