২৩ দফা দাবিতে রাজশাহীবাসীর মানববন্ধন
প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাইপলাইনের মাধ্যমে গৃহস্থালিতে গ্যাসসংযোগ, রেশম কারখানা চালুসহ ২৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরের জিরো পয়েন্টে এসব কর্মসূচি পালন করা হয়।পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বেলা ১১টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা রাজশাহীবাসীর প্রাণের দাবি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ও ঘোষণা দিলেও তা নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন করা না হলে প্রয়োজনে রাজধানীতে গিয়ে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প, রাজশাহী রেশম কারখানা ইজারা দেওয়া বন্ধ রেখে প্রয়োজনে ভর্তুকি দিয়ে চালু, গৃহস্থালির কাজে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা, রাজশাহী সরকারি পিএন বালিকা বিদ্যালয়, কলেজিয়েট স্কুল ও রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ে (হেলেনাবাদ) প্রথম ও দ্বিতীয় শ্রেণী চালুর দাবি জানান।