২৩ দফা সমন, সাক্ষ্য দেননি পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় সাক্ষ্য দিতে দুই বছরে ২৩ দফায় সমন দেওয়ার পরও আদালতে হাজির হননি এক পুলিশ কর্মকর্তা। তাঁর নাম আবুল খায়ের। তিনি ২০০৯ সালে খিলগাঁও থানায় দায়ের হওয়া অর্থ আত্মসাৎ-সংক্রান্ত ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। পরে তিনি উপপরিদর্শক (এসআই) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন এবং বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন বলে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন শাখা থেকে জানা গেছে।
মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আছে। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আবুল খায়ের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ২০১৩ সালের ৮ ডিসেম্বর সর্বপ্রথম তাঁকে সমন দেন আদালত। এরপর দুই বছরে মোট ২৩ দফায় তাঁর কর্মস্থলে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠানো হয়। সর্বশেষ ১২ নভেম্বর তাঁকে হাজির করতে পুলিশ প্রসিকিউশনকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন আদালত। তারপরও তিনি হাজির হননি। এরপর কেন হাজির হননি, তার কারণ জানতে চেয়ে এই পুলিশ কর্মকর্তাকে ২৬ নভেম্বর আদালতে তলব করা হয়। কিন্তু তাতেও তিনি সাড়া দেননি।
মামলার নথি থেকে জানা যায়, তদন্ত কর্মকর্তা কেন সাক্ষ্য দিচ্ছেন না, সে বিষয়ে গত ২৬ নভেম্বর মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান আদেশ দেন। তাতে বলা হয়, তদন্ত কর্মকর্তা সাক্ষ্য না দেওয়ায় মামলার বিচারকাজ শেষ করা যাচ্ছে না। মামলাটি ঝুলে আছে, আদালতের সময় নষ্ট হচ্ছে। ওই সাক্ষীকে হাজির করতে জামিনযোগ্য ধারায় পরোয়ানাও জারি করা হয় এবং পুলিশ কমিশনারের মাধ্যমেও আদালত থেকে সমন দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। আদালত থেকে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সাক্ষ্য দেওয়ার বিষয়টি অবহিত করা হয়। কেন সাক্ষ্য দিতে আসছেন না, সে বিসয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলাটির আবার দিন ধার্য আছে।
এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবুল খায়ের জানিয়েছেন, সমনে মামলার নম্বর ভুল থাকায় তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) সামসুল আলম প্রথম আলোকে বলেন, মামলার সঠিক নম্বর দিয়েই সমন দেওয়া হয়েছে। আদালত থেকে মুঠোফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রাজধানী খিলগাঁওয়ের হাজীপাড়া সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলমকে আসামি করে ২০০৯ সালের ২২ মে মামলাটি করেন। তাতে ৬ লাখ ৮৪ হাজার ১৭৪ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়। ওই বছরের জুলাইয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।