রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাব যন্ত্রটি ২৩ দিন ধরে অচল পড়ে আছে। এর ফলে বন্ধ রয়েছে রোগীদের পেসমেকার স্থাপন, করোনারি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও ভাল্ব সম্প্রসারণের (পিটিএমসি) মতো জীবনরক্ষাকারী আধুনিক চিকিৎসা।
রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিন বছর ধরে যন্ত্রটি প্রতিস্থাপন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু এবার যন্ত্রটি একেবারেই অচল হয়ে গেল। গত ১৩ ডিসেম্বর স্বাস্থ্যসচিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে যন্ত্রটির এই অচলাবস্থা এবং চিকিৎসা-সংকটের বিষয়টি নিজের চোখে দেখে গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিমেনস কোম্পানির তৈরি ক্যাথল্যাব যন্ত্রটি ২০০২ সালে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সরবরাহ করা হয়। এটির মাধ্যমে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের করোনারি এনজিওগ্রামের মাধ্যমে ‘ব্লক’ অপসারণ করা হয় অথবা ব্লকের ওপর ভিত্তি করে বাইপাস সার্জারি অথবা ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত এ যন্ত্রের মাধ্যমে ৫ হাজার ২৭৫ জন রোগীকে করোনারি এনজিওগ্রাম করা হয়েছে। এ ছাড়া ৭৫২ জন রোগীর পিটিএমসি করা হয়েছে। পেসমেকার স্থাপন করা হয়েছে ৬৬০ জন রোগীর অস্থায়ী ও ২৭১ জন রোগীর স্থায়ীভাবে।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নগরের নওদাপাড়া এলাকার রবিউল ইসলাম। চিকিৎসক জানিয়েছেন, তাঁর হার্টে ব্লক রয়েছে। পেসমেকার স্থাপন করতে হবে। কিন্তু রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না।
একই বিভাগে চিকিৎসাধীন রয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার শরীফুল ইসলাম (৭০)। তাঁরও হার্টে ব্লক ধরা পড়েছে। তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়ছেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর প্রথমে অস্থায়ী ও পরে স্থায়ী পেসমেকার লাগানো জরুরি হয়ে পড়েছে। শরীফুল ইসলাম বলেন, ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার মতো তাঁর আর্থিক সংগতি নেই।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান রইছ উদ্দিন বলেন, অস্থায়ী পেসমেকার লাগাতে সরকারি হাসপাতালে কোনো খরচ নেওয়া হয় না। কিন্তু ঢাকায় বেসরকারি হাসপাতালে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাগে। তবে স্থায়ী পেসমেকার লাগাতে সরকারি হাসপাতালেও ৫০ থেকে ১ লাখ টাকা খরচ হয়। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের মতো অবহেলিত জনপদে এই ক্যাথল্যাব যন্ত্রের সাহায্যে গরিব রোগীদের আধুনিক চিকিৎসা দেওয়া হতো। এখানে বেসরকারি কোনো হাসপাতালে রোগীদের এই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম ১৯ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ১২ বছরের বেশি বয়স হয়ে যাওয়ায় সিমেনস কোম্পানি এই যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে অপারগতা প্রকাশ করেছে। তারা এখন নতুন যন্ত্র স্থাপনের পরামর্শ দিয়েছে। চিঠিতে তিনি স্বাস্থ্যসচিবকে জরুরি ভিত্তিতে নতুন ক্যাথল্যাব যন্ত্র স্থাপনের অনুরোধ জানিয়েছেন।