বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের দাবিতে পঞ্চগড়ে ভারতের ছিটমহল পুঁটিমারীতে ২৩ দিন পর অনশন ভেঙেছেন ছিটমহলবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ছিটমহলবাসী অনশন প্রত্যাহার করেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আকতার ডাবের পানি ও ফলের রস পান করিয়ে তাঁদের অনশন ভাঙান। ছিটমহল বিনিময়সহ বিভিন্ন দাবিতে গত ১৮ মার্চ পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ঘেঁষে পুঁটিমারী ছিটমহলে এ অনশন শুরু হয়।ফরিদা আকতার গতকাল অনশন মঞ্চে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর দূত হিসেবে অনশন ভাঙাতে আপনাদের কাছে এসেছি। ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে কূটনৈতিক অগ্রগতি হচ্ছে। আগামী ৫ মে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসছেন। সেখানে পানিচুক্তি ও ছিটমহল বিনিময়ের বিষয়টি আলোচনা হবে। আশা করি, এ সমস্যার সমাধান হবে। নৈতিক দাবি আদায়ে বাংলাদেশ সক্রিয়। ভারত নমনীয় হলে এসব সমস্যার সমাধান হবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর অনুরোধের কথা জানিয়ে সবাইকে অনশন ভাঙার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ভারত-বাংলাদেশ ছিটহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি ময়নুল হক অনশন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘ছিটমহল বিনিময় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন চলবে।’ এর আগে ছিটমহলবাসী ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাইকমিশন বরাবর সঞ্চারকলিপি দেন। এ ছাড়া ২৩ দিন ধরে অনশন কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানীয় সাংসদ ও অনেক রাজনীতিবিদ অনশন মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। একই দাবিতে বাংলাদেশি ছিটমহলের অধিবাসীরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় ২৮ দিন ধরে চলা অনশন গত রোববার প্রত্যাহার করেন। রাজ্য সরকারের নেতিবাচক ভূমিকায় ক্ষুব্ধ হয়ে অনশন প্রত্যাহার করে তাঁরা ২৬ এপ্রিল নয়াদিল্লিতে ও ৩ মে কলকাতায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।