
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া ভারতের ত্রিপুরা রাজ্যের পাঁচ শিশুকে ২৩ দিন পর তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাতে ফেনীর বিলোনিয়ার মজুমদারহাট সীমান্তচৌকিতে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠকের পর অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল দুপুরে পাঁচ শিশুকে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে শিশুদের তাদের অভিভাবকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।
গত ২৪ অক্টোবর রাতে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই পাঁচ শিশুকে উদ্ধার করা হয়। তারা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের রাধাকিশোরপুর থানার শামিম চৌধুরী (১২), শাহিন চৌধুরী (৯), তক্কিন চৌধুরী (৬), তার বোন নাসরিন বেগম (৪) ও নাহিদ (১০ মাস)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় রেহানা বেগম নামের এক নারীকে। পরে তাঁর স্বামী বাহার উল্লাহকেও গ্রেপ্তার করে করাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, পাচারের উদ্দেশ্যেই শিশুদের ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।
আদালতের আদেশের পর গতকাল বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম এবং নোয়াখালীর সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রহমান পাঁচ শিশুকে নিয়ে ভারত সীমান্তসংলগ্ন ফেনীর বিলোনিয়া মজুমদারহাট সীমান্তচৌকিতে যান। রাতে সেখানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় শিশুদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিবির পক্ষে ৪ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী ওবায়েদুর রেজা, কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন।
নোয়াখালীর সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে কাল রাত আটটার দিকে ভারতের পাঁচ শিশুকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।