২৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেল মুনতাকিম। উত্তরার বহুতল বিপণিবিতানের লিফট ছিঁড়ে আগুন লাগার ঘটনায় ছোট্ট শিশু মুনতাকিম (৮ মাস) দগ্ধ হয়েছিল। এর আগে তার বাবা ও বোন মারা যায়।
গতকাল শনিবার ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার শরীরের ২১ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ২৪ জুন সন্ধ্যায় উত্তরার আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সে লিফট ছিঁড়ে আগুন লাগলে হতাহতের ঘটনা ঘটে। লিফট ছিঁড়ে ও আগুনে পাঁচজনের মৃত্যুর খবর জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। অগ্নিদগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের মধ্যে একই পরিবারের তিনজন ছিল। বার্ন ইউনিটে চিকিৎসাধীন চারজনের মধ্যে মুনতাকিমের বাবা মাহমুদুল হাসান ২৫ জুন ভোরে মারা যান। তিনি আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। ৮ জুলাই মারা যায় মুনতাকিমের বোন মায়েশা (১০)। মাহমুদুলের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে।
আলাউদ্দীন টাওয়ারের ভূগর্ভস্থ তলায় ট্রপিক্যাল হোমসের একটি শাখা কার্যালয় রয়েছে। সেখানে আয়োজিত ইফতারে অংশ নিতে দুই সন্তানসহ এসেছিলেন মাহমুদুল। তাঁরা কার্যালয়ের ভেতরে ছিলেন। ইফতারের আগে ওই ভবনে বিদ্যুৎ ছিল না। জেনারেটরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। এ সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে যায় এবং বিকট শব্দ হয়। ভূগর্ভস্থ তলায় আগুন ধরে গেলে দুই সন্তানসহ মাহমুদুল দগ্ধ হন।
মাহমুদুল হাসানের মামাতো ভাই আপেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মুনতাকিমকে দাফন করা হয়েছে। শোকে তার মা পাথর হয়ে গেছে। কিছু বলতে পারছে না। অনেক সময় কাউকে চিনতেও পারছে না। কথা বলার চেষ্টা করেছে অনেকে। কোনো কথা বলছে না। যখন কাউকে চিনতে পারছে, তাকে ধরেই কান্নাকাটি করছে।’
উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনেই আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সের অবস্থান। ১৪ তলা ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত পোশাক, অলংকার, ইলেকট্রনিকস ও প্রসাধন সামগ্রীর দোকানপাট। ওপরের তলাগুলোতে বিভিন্ন অফিস।
শপিং কমপ্লেক্সে প্রবেশমুখের দুই পাশে দুটো লিফট। এর মধ্যে বাঁ-পাশের লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়।