২৩ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

নিখোঁজের ২৩ দিন হলেও নওগাঁর রানীনগর উপজেলার কাপড় ব্যবসায়ী ইসলাম হোসেনের (২৬) সন্ধান মেলেনি। ১২ জুলাই দোকানের মালামাল কেনার জন্য নওগাঁ শহরের উদ্দেশে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এ ঘটনায় তাঁর পরিবার উৎকণ্ঠায় রয়েছে।
পরিবার সূত্র জানায়, ইসলাম হোসেন চকাদীন গ্রামের আবদুল জব্বারের ছেলে। ১২ জুলাই বিকেলে দোকানের মালামাল কেনার জন্য উপজেলার কুবরাতলীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তিনি নওগাঁর উদ্দেশে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পান পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ১৫ জুলাই রানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ ইসলামের ভাই মামুন হোসেন বলেন, নিখোঁজের কয়েক দিন পর কুষ্টিয়া এলাকার এক ব্যক্তি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে পরিবারকে জানান, ইসলাম হোসেনকে ছুরিকাহত অবস্থায় পাওয়া গেছে। তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার জন্য মুঠোফোনে ১০ হাজার টাকা নেয় প্রতারক চক্র। তিনি কুষ্টিয়া যাওয়ার পর থেকে ওই ব্যক্তির মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিনি আশঙ্কা করছেন, কেউ হয়তো তাঁর ভাইকে অপহরণ করে থাকতে পারে। এ নিয়ে পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন।
এ ব্যাপারে রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহিল জামান বলেন, যে মুঠোফোন নম্বর থেকে ইসলাম হোসেনের পরিবারের সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়া হয়েছে, সে নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। ওই নম্বর যাচাই করে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে।