২৩ দেশের পণ্যে রোজার ইফতার
ছোলা না হলে রোজার ইফতারে তৃপ্তি মেলে না। ইফতারির প্রধান এই উপাদান এবার বেশির ভাগই এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। মিয়ানমার থেকেও এসেছে, তবে তা সামান্য। ছোলা ছাড়া ইফতারির আরেকটি অনিবার্য নাম হলো খেজুর। সেটি এসেছে ইরাক, সৌদি আরব, তুরস্ক, ইরান, দুবাই, পাকিস্তান, তিউনিসিয়া ও আলজেরিয়া—এই আটটি দেশ থেকে। কাস্টম হাউসের তথ্য এমনই বলছে।ইফতারের সময় খাদ্যতালিকায় ধনী-গরিব সবারই চাই ছোলার সঙ্গে পেঁয়াজু। এই পেঁয়াজু তৈরির উপাদান মসুর ডাল। মসুর ডাল এসেছে কানাডা ও অস্ট্রেলিয়া থেকে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকেও আসছে মসুর ডাল।ছোলা, পেঁয়াজু ভাজতে হয় গরম তেলে। এই সয়াবিন অপরিশোধিত আকারে ব্যবসায়ীরা এনেছেন ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। পরিশোধিত-অপরিশোধিত পাম তেলের উৎস দুই দেশ—মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। অনেকে আবার এসব তেলে ভাজতে চান না ইফতারের উপাদান। তাদের জন্য বোতলজাত সানফ্লাওয়ার তেল আনা হয়েছে কানাডা থেকে। পরিশোধিত সয়াবিন এসেছে যুক্তরাষ্ট্র, সাইপ্রাস ও সিঙ্গাপুর থেকে। তানভীর অয়েল লিমিটেড যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ডলারে আট লাখ ৮০ হাজার কেজি শোধিত সয়াবিন আমদানি করেছে এবার। তেলে ভাজা ইফতারের খাবারগুলোতে পেঁয়াজের ঝাঁজ থাকতেই হয়। কিন্তু দেশি পেঁয়াজের সরবরাহ কম। তাই ভরসা ভারতীয় পেঁয়াজ। তবে চীন থেকে মোটা আকারের পেঁয়াজ সামান্য আমদানি হচ্ছে। কিন্তু তা এখনো উঠে আসেনি ইফতারির টেবিলে।রোজার জিলাপিসহ মিষ্টিজাতীয় পণ্য তৈরিতে লাগবে চিনি। চিনি তৈরির কাঁচামাল আনা হয়েছে ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে। চার দেশের চিনি মিশে যাচ্ছে জিলাপির প্যাঁচে কিংবা শরবতের পানিতে। ইফতারির সেমাই বা মিষ্টিজাতীয় পণ্যে ব্যবহূত হয় কিশমিশ। এই কিশমিশ আনা হয়েছে আফগানিস্তান থেকে। এভাবে নানা দেশের সীমানা পেরিয়ে ইফতারির টেবিলে উঠছে রোজার পণ্য।কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. শাহাদাত জামিল প্রথম আলোকে বলেন, পণ্য আমদানির সময় উৎস দেশের নাম থাকতে হয়। এবারে ইফতারির পণ্য কম-বেশি ২২-২৩ দেশ থেকে আমদানি হয়েছে। ব্যবসায়ীরা জানান, দেশীয় উৎপাদন না থাকায় কিংবা কম হওয়ায় ইফতারি তৈরির অনুষঙ্গে এখনো জুড়ে আছে বিদেশি পণ্য। ইফতারিতে এই উপাদানের সংখ্যা বাড়ছেই। সর্বশেষ তথ্য বলছে, রোজায় সালাদের উপাদানের সঙ্গেও এখন মিশে যাচ্ছে চীন থেকে আমদানি করা গাজরও। অর্থাৎ ইফতারিতেও যাচ্ছে বিদেশি মুদ্রা।ব্যবসায়ীরা জানান, পণ্যের দাম ও মান—এ দুইয়ের ওপর ভর করে ব্যবসায়ীরা বাছাই করেন কোন দেশ থেকে রোজার পণ্য আমদানি করবেন। তিন বছর আগেও অস্ট্রেলিয়ার পাশাপাশি মিয়ানমার ও ইথিওপিয়া থেকে বিপুল পরিমাণ ছোলা আসত। এবার সেই জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া। এভাবে বছর ঘুরে নতুন নতুন দেশের পণ্য ইফতারিতে যোগ হচ্ছে।