আগামী ২৩ নভেম্বর থেকে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৯ নভেম্বর। প্রতিদিন এক বিষয় করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃত্তির ফলাফল প্রকাশিত হবে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি। দেশের সবচেয়ে বড় এই পরীক্ষায় এবার ২১ লাখ ৫৭ হাজার ৪০০ পরীক্ষার্থী অংশ নেবে। সারা দেশে পাঁচ হাজার ৯৭১টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এ ছাড়া এবার বিদেশের ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। সেখানে পরীক্ষায় অংশ নেবে ৪৯৬ জন। সফলভাবে এই পরীক্ষা শেষ করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। গতকাল মঙ্গলবার মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১০-এর প্রস্তুতি সভায় মন্ত্রী অংশ নেন। তিনি আশা প্রকাশ করেন, এ বছরের সমাপনী পরীক্ষা উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। বৈঠকে প্রতিমন্ত্রী পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন ও নিরীক্ষা করার জন্য পরীক্ষকদের নির্দেশ দেন। তিনি বলেন, গত বছরের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আরও সফলতার সঙ্গে সমাপনী পরীক্ষা সম্পন্ন করতে হবে। তিনি বলেন, এ বছর ৬৪টি জেলায় পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার সমাপনী পরীক্ষায় ২১ লাখ ৫৭ হাজার ৪০০ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ সাত হাজার ২৭১ জন ও ছাত্রী ১১ লাখ ৫০ হাজার ১২৯ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মোট সংখ্যা তিন লাখ ৩১ হাজার ৪০। এর মধ্যে ছাত্র এক লাখ ৫৪ হাজার ৬১৯ জন ও ছাত্রী এক লাখ ৭৬ হাজার ৪২১ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ৪৪০ জন।