নড়াইলের লোহাগড়ায় অনিয়মের অভিযোগ ওঠা অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২৩টি প্রকল্পের কাজ গতকাল শনিবার পুনরায় শুরু হয়েছে। ৪০ দিনের এই প্রকল্পের মেয়াদ ২০ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে এ কর্মসূচির ২৩টি প্রকল্পে জন্য ৭৩ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিদিন ২০০ টাকা করে ৪০ দিনে এ টাকা ৯২৩ জন শ্রমিকের পাওয়ার কথা। গত বছরের ২৮ নভেম্বর কাজ শুরু হয়। এরপর এ প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। সেগুলো হলো—প্রকল্পে অল্প শ্রমিক দিয়ে কাজ করানো, নারী শ্রমিক না থাকা, প্রকল্প এলাকায় সাইনবোর্ড না টানানো, ইউনিয়ন পরিষদ সদস্যদের টাকা আত্মসাৎ।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা বলেন, কাজে অনিয়ম হওয়ার বিষয়ে গত ১৯ জানুয়ারি প্রথম আলোয় খবর ছাপা হয়েছে। পরে আরও কয়েকটি পত্রিকায় ছাপা হয়। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আট কিস্তির মধ্যে শেষ দুই কিস্তির টাকা গত বৃহস্পতিবার পরিশোধ করার কথা ছিল। সেটি স্থগিত করা হয়েছে। শনিবার থেকে ২৩ প্রকল্পেই পুনরায় কাজ করতে বলা হয়েছে। অন্তত এক সপ্তাহ কাজ করার পর কাজ সন্তোষজনক হলে ওই টাকা পরিশোধ করা হবে। পিআইও ও প্রতিটি ইউনিয়নের তদারকি কর্মকর্তাদের (ট্যাগ অফিসার) সরেজমিনে থেকে কাজ বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুর ইউনিয়নের আস্তাইল গুচ্ছগ্রামের রাস্তা থেকে পূর্ব দিকের রাস্তা মাটি দিয়ে সংস্কার প্রকল্পে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, সেখানে প্রকল্প সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন এবং ইউনিয়নের প্রকল্প বাস্তবায়নের তদারকি কর্মকর্তা মো. হামিদুল ইসলাম উপস্থিত রয়েছেন। হামিদুল ইসলাম বলেন, ‘কাজ যথাযথভাবে বুঝে নিতে সরেজমিনে অবস্থান করছি।’
শালনগর ইউনিয়নের আজমপুরে ইউনুচের বাড়ি থেকে টেপু মিয়ার জমি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে গতকাল সকাল ১০টার দিকে দেখা গেছে, শ্রমিকেরা কাজ করছেন। এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া বলেন, দু-এক দিনের মধ্যে এখানে প্রকল্প বিবরণী-সংবলিত সাইনবোর্ড টাঙানো হবে। চারজন ইউপি সদস্য বলেন, সাইনবোর্ড টাঙানোর কথা প্রকল্পের শুরুতে। অথচ মেয়াদ শেষে এখন পিআইও কার্যালয় থেকে সাইনবোর্ড দেবে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে পিআইও নজরুল ইসলাম বলেন, সাইনবোর্ডের টাকা দেরিতে এসেছে, তাই এখন সব প্রকল্পে সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, অনিয়মের বিষয়টি পত্রিকায় আসার পর জেলা প্রশাসকের নির্দেশে প্রকল্পে কী কী সমস্যা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও তদারকি কর্মকর্তারা এ বিষয়ে তথ্য দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শ্রমিকদের নিজস্ব চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পরিশোধের কথা। এটি নিশ্চিত করতে পারলে অনিয়ম অনেকটা বন্ধ হবে।