ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় অন্তত ২৩টি প্রতিষ্ঠানের লোক জড়িত। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মুখপাত্র মো. মনিরুল ইসলাম গতকাল রোববার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, বিদেশি নাগরিক পিওতর সিজোফেনসহ দুজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্য যাচাই-বাছাই শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। কী প্রক্রিয়ায় ও কারা জালিয়াতি করেছে, পিওতর তাদের নাম বলেছেন। এদের বিষয়ে দালিলিক প্রমাণ রয়েছে। ডিএমপির অতিরিক্ত এই কমিশনার বলেন, এটিএম কার্ড জালিয়াতিতে ২৩টি প্রতিষ্ঠানের লোক জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
মনিরুল ইসলাম বলেন, জালিয়াতিতে তিনজন বিদেশির সম্পৃক্ততা মিলেছে। তাদের পাসপোর্ট পাওয়া গেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার জার্মান নাগরিক পিওতর সিজোফেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় করা গুলশান থানার অপর এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।