২৩ ফেব্রুয়ারির মধ্যে বাড়তি অর্থ ফেরত বা সমন্বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তির নীতিমালা লঙ্ঘন করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বাড়তি ফি ২৩ ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় অথবা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নির্দেশ না মানলে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নগরের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি নেওয়ার অভিযোগ রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০১৬-এর কিছু অংশ পড়ে শোনান। তিনি বলেন, জেলা প্রশাসনের পাঁচটি তদারকি দল ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। এর মধ্যে ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালা না মেনে বাড়তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ১০০ টাকা থেকে ৬৩ হাজার টাকা নিয়েছে।
ভর্তি নীতিমালার ১০ (খ) অনুচ্ছেদ অনুযায়ী, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি তিন হাজার টাকার বেশি হবে না।
গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়, বাড়তি ফি আগামী ১০ কার্যদিবসের মধ্যে (২৩ ফেব্রুয়ারি) ফেরত দিতে হবে অথবা সমন্বয় (পরবর্তী সময়ে মাসিক বেতন, পরীক্ষাসহ অন্যান্য ফি বাবদ) করতে হবে। এই সময়ের মধ্যে তা না করলে জেলা প্রশাসনের তদারকি দল আবার পরিদর্শন করবে। তদারকি দল সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগাতে হবে। নিয়মিত প্রাত্যহিক সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এবং বিদ্যালয় ছাড়পত্রের জন্য কোনো ফি নেওয়া যাবে না।
বৈঠকে বাড়তি ফি নেওয়ার অভিযোগ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মেনে নিয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, তাঁরা পরবর্তী সময়ে তা সমন্বয় করবেন। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১০ হাজার ৩৫০ টাকা নেওয়া হয়েছে। এখন তা সমন্বয় করা হবে। তবে বাড়তি ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ ও নিমতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা।
ভর্তির ক্ষেত্রে শিশুদের নিয়ে ছিনিমিনি না খেলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অনুরোধ জানান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়া হলে তাতে অভিভাবকদের ওপর চাপ পড়ে। তাই যেকোনো উপায়ে বাড়তি ফি নেওয়া বন্ধ করতে হবে। আর বিদ্যালয়গুলোকে আইন ও নীতিমালা মেনে চলতে হবে। অতিরিক্ত ফি আদায় বন্ধে চলতি বছরের নভেম্বর থেকে জেলা প্রশাসন কাজ শুরু করবে বলে জানান তিনি।
বৈঠকে চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, তালিকার বাইরেও বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।