২৩ বছর ধরে ইউপির কার্যক্রম ভাড়া ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছর ধরে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম চালানো হচ্ছে ভাড়া করা একটি ঘরে।
এ কারণে পরিষদের গ্রাম আদালত, ইন্টারনেট-সেবাসহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ কারণে ইউনিয়নের ২২টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার জহুরপুর বাজারের পাশে ইউনিয়ন পরিষদের ৯০ শতক জমির মধ্যে প্রায় ৩ শতাংশের ওপর নির্মিত ইউপি ভবনটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ১৯৯০ সাল থেকে পরিত্যক্ত রয়েছে। এ কারণে বেতালপাড়া বাজারে এক কক্ষবিশিষ্ট আধাপাকা (টিনের চাল) একটি ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে টিনের ছাউনির এক কক্ষের একটি ঘরে পরিষদের সব কার্যক্রম চালানো হচ্ছে। কক্ষে ঢোকার মুখেই রয়েছে চেয়ারম্যানের চেয়ার, সেখানে তিনি গ্রাম আদালত পরিচালনা করেন।
তাঁর পাশের একটি চেয়ারে বসেন সচিব, পেছনের দিকে ই-সেবা কেন্দ্র। পরিষদের সদস্যদের বসার জন্য আলাদা জায়াগা নেই। গ্রাম পুলিশ ও দফাদারদেরও বসার জায়গা নেই।
ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ পাটোয়ারী বলেন, ওই ঘরে গ্রাম আদালত বসাতে চরম সমস্যা হচ্ছে। আদালতে আসা লোকজনকে দাঁড়ানোর জায়গা পর্যন্ত দিতে পারি না। ভবন না থাকায় দুই হাজার টাকা মাসিক ভাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে পরিষদের অস্থায়ী কার্যালয় করা হয়েছে।
পরিষদের সচিব কামরুজ্জামান জানান, ভিজিএফ-ভিজিডি কার্ডের চালও এখান থেকে বিতরণ করা হয়। এ কারণে ই-সেবা কেন্দ্রের কম্পিউটার, ফটোস্ট্যাস্ট যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ধুলায় নষ্ট হয়ে যাচ্ছে।
সচিব জানান, ২০০৭ সালে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ভবন নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠি পাঠান। এরপর এলজিইডির স্থানীয় প্রকৌশলীর দপ্তরে গিয়ে সেটি আটকে যায়। নতুন করে আবার চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।