২৩ বছর ধরে ভাড়া বাসায় চলছে কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা জেলা শাখা কার্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। দীর্ঘ ২৩ বছর ধরে ভাড়া বাসাতেই চলছে কার্যক্রম। ফলে সংস্কৃতিচর্চা ব্যাহত হচ্ছে। গাদাগাদি করে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জেলা শিশু একাডেমী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে গাইবান্ধায় বাংলাদেশ শিশু একাডেমীর শাখা স্থাপিত হয়। তখন থেকেই ভাড়া বাসায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম চলছে। এখানে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তি শাখায় ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। এ ছাড়া শিশুবিকাশ ও প্রাক্-প্রাথমিক শাখায় ৬০টি শিশু রয়েছে। তাদের খেলার মাধ্যমে পাঠদান করা হচ্ছে।

গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমীর কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, ভাড়া বাসার মাত্র পাঁচটি কক্ষ। একটি কক্ষে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বসেন। আরেকটিতে লাইব্রেরি। অন্যটিতে প্রশাসনিক কাজ করেন একাডেমীর
পাঁচজন কর্মকর্তা-কর্মচারী। দুটি কক্ষে পালা করে চারটি বিভাগের প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো হচ্ছে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তি।

আবৃত্তির প্রশিক্ষক অমিতাভ দাশ বলেন, গাদাগাদি করে বসিয়ে আবৃত্তি শেখানো হচ্ছে। এ সময় পাশের কক্ষ থেকে গান শেখানোর শব্দ ভেসে আসায় শিক্ষার্থীদের খুব অসুবিধা হয়। আবৃত্তি শিক্ষার্থী মারিয়া খাতুন বলে, ‘শব্দের কারণে ভালোভাবে আবৃত্তি শিখতে পারছি না। আমাদের আলাদা কক্ষ দরকার।’

একাডেমীর শিক্ষার্থী স্নেহাসরকার বলে, লাইব্রেরিতে বই থাকলেও শিশু-কিশোরেরা জায়গার অভাবে বসতে পারে না। এমনকি প্রয়োজনীয় আসবাব নেই। বিশেষ করে এখানে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে।

শিশু একাডেমীর তবলাবাদক উত্তম সরকার বলেন, সকাল-বিকেল পালা করে শেখানো হলেও সবসময় একসঙ্গে দুটি কক্ষে প্রশিক্ষণ চলে। ফলে শব্দদূষণ থেকেই যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ শিশু একাডেমীর এক কর্মকর্তা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন ছাড়াও খ্যাতিমান কবি, সাহিত্যিক ও শিল্পীদের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। কিন্তু নিজস্ব মিলনায়তন না থাকায় সাংস্কৃতিক ও বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান করা সম্ভব হয় না। প্রয়োজনীয় আলমারির অভাবে যত্রতত্র জিনিসপত্র রাখায় সেগুলো নষ্ট হচ্ছে।

সংস্কৃতিকর্মী সাখাওয়াৎ হোসেন বলেন, শিশু-কিশোরদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে শিশু একাডেমীর অনেক গুরুত্ব রয়েছে। এখানকার সাংবাদিকেরা বিভিন্ন জরিপ পরিচালনা করে শিশুদের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন, যা খুব প্রশংসনীয়। দেশের অনেক জেলাতেই শিশু একাডেমীর নিজস্ব ভবন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিজস্ব ভবন করার জন্য গাইবান্ধা শহরে ভালো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না।