২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপের একটি হত্যা মামলার বিচার ২৩ বছরেও শেষ হয়নি। গত সাড়ে আট বছরে এই মামলায় একজন সাক্ষীও সাক্ষ্য দেননি। এই সময়ের মধ্যে মোট ৪৩ বার মামলার তারিখ পড়েছে। আট আসামির মধ্যে প্রধান তিন আসামি মারা গেছেন। বয়সের ভারে বাদীও চলাফেরা করার শক্তি হারিয়েছেন।

১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন (গাড়োয়ান)। আক্কাসের বাবা ও মামলার বাদী আবুল খায়ের গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চলাফেরা দূরের কথা, তিনি এখন বিছানা থেকেও উঠতে পারেন না। ছেলে হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘আর কত বছর অপেক্ষায় থাকব, যেভাবে চলছে, মনে হয় বিচার দেখে মরতে পারব না।’

মামলার ২৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ছয়জন। তদন্ত কর্মকর্তাসহ চার পুলিশ সাক্ষী এখনো সাক্ষ্য দেননি। এত বছর পর তাঁরা বাহিনীতে রয়েছেন কি না, তা-ও জানে না পুলিশ। সর্বশেষ ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি এ মামলায় একজন সাক্ষ্য দেন।

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার বিচার চলছে। গত ১১ মে মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। নিম্ন আদালতে জামিন না হওয়ায় হাইকোর্টে যান তিনি। মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ার বিষয়টি তখন হাইকোর্টের নজরে আসে। মামলাটি কেন নিষ্পত্তি হয়নি, বিচারকের কাছে গত ৮ আগস্ট কারণ ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।

মামলার পুলিশ সাক্ষীরা হলেন তদন্ত কর্মকর্তা ও সন্দ্বীপ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ মান্নান, উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার, কনস্টেবল আবদুল মান্নান ও গোপাল চন্দ্র। ২৫ সাক্ষীর মধ্যে দুজন মারা গেছেন বলে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর সন্দ্বীপ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) ইউনুস আলী আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন।

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অজয় বোস বলেন, মামলার সাক্ষীদের হাজির করতে আদালত সমন ও পরোয়ানা জারি করলেও সন্দ্বীপ থানা থেকে ২০১৪ সালের পর আর কোনো প্রতিবেদন আসেনি। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ছাড়া হত্যা মামলা নিষ্পত্তি করা দুষ্কর হবে। তিনি বলেন, আট আসামির মধ্যে শফিকুল, শাহজাহান ও আবুল কাশেম মারা গেছেন। আশ্রাফ উদ্দিন ও মোমিনুল জামিনে রয়েছেন। সিদ্দিক ও সাফিউল পলাতক। কারাগারে আছেন ফয়েজ। গত ১১ মে ফয়েজকে সন্দ্বীপ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। তখনই এ মামলা ঝুলে থাকার বিষয়টি হাইকোর্ট জানতে পারে।

আদালত সূত্র জানায়, ২২ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

সাক্ষীদের হাজির করার বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, সাক্ষী পুলিশ সদস্যরা বর্তমানে বাহিনীতে কর্মরত আছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। পাবলিক সাক্ষীদেরও খোঁজ নেওয়া হচ্ছে।