২৩ বছর পর অনুমোদন
মামলা করার ২৩ বছর পর একটি মামলার অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আমলে হওয়া ওই মামলায় গতকাল রোববার অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।
ভুয়া বরাদ্দপত্রের ভিত্তিতে সরকারি জমি নিজ নামে দাবি ও ভুয়া বরাদ্দপত্রের ভিত্তিতে ওই জমি রেজিস্ট্রি করার অভিযোগে ১৯৯৪ সালে তৎকালীন ব্যুরো মামলাটি করে। দীর্ঘদিন ধরে মামলাটি দুদকের অনিষ্পন্ন শাখায় ছিল। পরে মামলার তদন্ত করেন পরিচালক সালাম আলী মোল্লা।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সহকারী কমিশনার (পত্তন) বর্তমানে অবসরপ্রাপ্ত আশরাফ আলম খান, জেলী বেগম ওরফে রেবেকা বসির ও বসির উদ্দিন।
দুদক সূত্র বলেছে, মামলার তদন্তে দেখা গেছে, রেবেকা বসিরের স্বামী বসিরউদ্দিন ১৯৮০ সালে মিরপুর হাউজিং এস্টেটে জনৈক শেখ মানিকের কাছ থেকে একটি বাড়ি কেনেন। পরে বাড়িসংলগ্ন প্রায় পৌনে ২ কাঠা সরকারি জমি নিজের নামে বরাদ্দের জন্য আবেদন করে পাননি। এরপর স্ত্রী রেবেকা বেগমের প্রকৃত নাম ও স্বামীর নাম গোপন করে ডাকনাম জেলী বেগম ব্যবহার করে তাঁকে একজন এলএ কেসে ক্ষতিগ্রস্ত নারী হিসেবে উপস্থাপন করেন। এ প্রক্রিয়ায় মিথ্যা হলফনামার বিপরীতে একটি প্লট নিজ নামে রেজিস্ট্রি করে নেন।