২৩ বছর পর কাল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছর পর আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপি শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন আয়োজন করছে।
জেলা বিএনপির সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৩ সালে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর তিনবার কেন্দ্র থেকে জেলা বিএনপির কমিটি করে দেওয়া হয়। দীর্ঘদিন থেকে জেলা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। সর্বশেষ ২০১১ সালে কেন্দ্র থেকে একটি কমিটি করে দেওয়া হলেও বিরোধ মেটেনি। ওই কমিটিতে ফজলুর রহমানকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। তবে জেলা বিএনপির সহসভাপতি শরিফুল আলম বলেন, দলে এখন আর কোনো বিরোধ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে নিরলসভাবে চেষ্টা করছেন।
মাজহারুল ইসলাম বলেন, সম্মেলন আয়োজনের অনুমতি চেয়ে তিনটি স্থানের নাম উল্লেখ করে গত ৩০ অক্টোবর জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। কিন্তু ওই তিনটি স্থানের একটিতেও সম্মেলন করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু শহরের দুটি কমিউনিটি সেন্টারের নাম উল্লেখ করে এর একটিতে ১১টি শর্ত সাপেক্ষে সম্মেলন করার অনুমতি দেওয়া হয়। শর্তের মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টারের বাইরে মাইক ব্যবহার করা যাবে না। স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্মেলনস্থল ছাড়া কোথাও তোরণ নির্মাণ করা যাবে না। রাষ্ট্র বা সরকারবিরোধী কোনো বক্তব্য প্রদান করা যাবে না। সাধারণ জনগণ এবং পরীক্ষার্থীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করে মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করা যাবে না। বিকেল চারটার মধ্যে সম্মেলন শেষ করতে হবে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল করিম খান বলেন, ‘পুরোনো সব বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মেলন সফল করবে এমনটা আশা করছি।’
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, জেলা বিএনপির সম্মেলন করার অনুমতি চেয়ে আবেদন করেছে। সে অনুযায়ী দুটি কমিউনিটি সেন্টারের মধ্যে যেকোনো একটিতে সম্মেলন আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। কিছু শর্ত দেওয়া হয়েছে যা সবার জন্যই মঙ্গলজনক।