প্রথম রায়ে খালাস পেয়েছিলেন সব আসামি। সুপ্রিম কোর্টের নির্দেশে সাক্ষ্য পুনরায় পর্যালোচনা করে একই আদালতের দেওয়া দ্বিতীয় রায়ে যাবজ্জীবন সাজা হলো ছয়জনের। ঝিনাইদহের আলোচিত তোফাজ্জেল হোসেন হত্যা মামলা রায় এটি। দুই রায়ের মধ্যে ব্যবধান ২৩ বছরের। ইতিমধ্যে মারা গেছেন মামলার বাদী।
ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালত গতকাল সোমবার ওই রায় দেন। আদালতের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ড পাওয়া ছয়জন হলেন ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মৃত হানিফ আলীর ছেলে খেলাফত হোসেন ও বেলায়েত হোসেন, শমসের বিশ্বাসের ছেলে বসির উদ্দিন, আবদুল মালেকের ছেলে লাড্ডু, আবদুল আজিজের ছেলে ইউনুচ আলী ও কবির মিয়া। এই মামলায় মোট আসামি ছিলেন ১৬ জন। দুজন মারা গেছেন। বাকি আটজন এই রায়েও খালাস পেয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ৭ জুন ঘোড়ামারা গ্রামের মৃত সামছুদ্দিন বিশ্বাসের ছেলে মতলেব হোসেন, তোফাজ্জেল হোসেনসহ কয়েকজন পাশের গোয়ালপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর আসামিরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় লাঠিসোঁটা ও ইটের আঘাতে গুরুতর আহত হন তোফাজ্জেল হোসেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।