২৩ বছর পর পাওনা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট

কারখানা বন্ধের ২৩ বছর পর বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে পাবনার ক্যালিকো কটন মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান ধর্মঘট করেছেন। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে গতকাল সোমবার সদরের রাজাপুর এলাকায় মিলের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
মিলের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, ক্যালিকো কটন মিল ১৯৬৭ সালে নিবন্ধিত হয়। এখানে ৪৮০ জন নিয়মিত শ্রমিকসহ প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়। করপোরেশন ১৯৮৩ সাল পর্যন্ত কারখানাটি চালিয়ে লোকসানের মুখে পড়ে। এ ছাড়া ২ কোটি ৮৭ লাখ টাকার ব্যাংকঋণও নেয়। পরে কারখানাটি আগের মালিকপক্ষকে ফেরত দেওয়া হয়। তখন জমিসহ পুরো কারখানাটির বন্ধক চলে যায় অগ্রণী ব্যাংক পাবনার আবদুল হামিদ রোড শাখার কাছে। কারখানা ফেরত পেয়ে মালিকপক্ষ নতুন করে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যাংকঋণ নেয়। একপর্যায়ে ১৯৯৩ সালে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। উৎপাদন বন্ধ হওয়ার পর সুদে-আসলে ১৬ কোটি ৯০ লাখ টাকা দাবি করে মামলা করে অগ্রণী ব্যাংক। এরপর দীর্ঘদিন ধরে মামলা চলছে।
কর্মকর্তা-কর্মচারীরা আরও বলেন, প্রায় ২৩ বছর পর আবারও মিলমালিক কারখানা ফিরে পাবেন বলে সম্ভাবনা দেখা দিয়েছে। এ জন্য তাঁরা তাঁদের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির দাবিতে রাস্তায় নেমেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিভিন্ন এলাকা থেকে গতকাল সকালে মিলের সাবেক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা মিলের সামনে সমবেত হন। পরে তাঁরা সেখানে ব্যানার টানিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। এ সময় বক্তারা বলেন, পাওনা পরিশোধ না করেই মালিক কারখানাটি বন্ধ করেছিলেন। তাঁদের অর্জিত প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনো ব্যাংকে গচ্ছিত রয়েছে। প্রত্যেক শ্রমিক-কর্মচারী এখনো চাকরিতে বহাল রয়েছেন। ফলে তাঁদের টাকা ফেরত দিতে হবে।
ওই অবস্থান ধর্মঘটে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক রবিউল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক আবদুল হাকিম মালিথা, ওয়ার্কার্স ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান, জাতীয় শ্রমিক জোটের পাবনা জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি ও পরিষদের উপদেষ্টা ফুরকান আলী বলেন, বকেয়া বেতনসহ পাওনা আদায়ে তাঁরা প্রশাসনসহ ঊর্ধ্বতন মহলের সহযোগিতা চান। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই তাঁদের মাঠে নামতে হয়েছে। অধিকার আদায়ে প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।