২৩ বছরে কাল প্রথমবার প্রতিষ্ঠাবার্ষিকী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য আবারও লোকবল ও উপকরণের স্বল্পতাকে দায়ী করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তাঁরা বলেছেন, তাঁরা ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে সংস্থার কাজে গতি আনার চেষ্টা করছেন। তাই ২৩ বছরে প্রথমবারের মতো পালন করা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আমীর হোসেন, পরিচালক ওমর ফারুক, গোয়েন্দা শাখার উপপরিচালক মুজিবর রহমান পাটোয়ারী প্রমুখ। আগামীকাল পালন করা হবে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯০ সালের ২ জানুয়ারি সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠার পর থেকে ২৩ বছরে অধিদপ্তরের অর্গানোগ্রামে তেমন কোনো পরিবর্তন হয়নি। এক হাজার ২৮৬ জন জনবল বরাদ্দ হলেও কাজ করছেন মাত্র ৮০২ জন। এর মধ্যে আভিযানিক কাজে সক্রিয় প্রায় ৫০০ লোক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর দেশে ফেনসিডিলের প্রবাহ হ্রাস পেয়েছে। তবে ঠেকানো যাচ্ছে না ইয়াবা বড়ি। সারা দেশে ৬৬টি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের নিবন্ধন দেওয়া হলেও সেগুলো তদারকিতে ব্যর্থতা রয়েছে।