বাংলাদেশ থেকে বিদেশে সবজি রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে। গত ২৩ বছরে সবজি রপ্তানি করে ৮৭০ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে (৮৭ কোটি ৮ হাজার ৬০০ ডলার) যা বাংলাদেশি মুদ্রায় ৬৭৮৪ কোটি ৪ লাখ ২৬ হাজার ৯৩৮ টাকা। আজ বুধবার সংসদে সরকারি দলের সাংসদ সফুরা খাতুনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান। এ ছাড়াও আজ সংসদে বিভিন্ন প্রশ্নের জবাবে রপ্তানি পণ্য, সোনা আমদানি, চাল আমদানি, ফরমালিনমুক্ত বাজার, বিদেশে কর্মী পাঠানোর বিষয়গুলো উঠে আসে।
মন্ত্রী আরও জানান, ১৯৯১ সাল থেকে প্রথম ১০ বছরে সবজি রপ্তানি করে আয় হয়েছে ১৪৬ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০১২-১৩ অর্থবছরে ১১০ মিলিয়ন মার্কিন ডলার (১১কোটি) এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৪৭ মিলিয়ন মার্কিন ডলারের (১৪ কোটি ৭০ লাখ) সবজি রপ্তানি হয়েছে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে ৭২৯টি পণ্য বিদেশে রপ্তানি করা হয়ে থাকে।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, গত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আবেদন করেনি।
নজরুল ইসলামের (বাবু) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ভারত, চীন, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়।
দিদারুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, রাজধানীতে মোট ৫৩টি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও ঢাকার বাইরে ১১টি বাজার ফরমালিনমুক্ত করা হয়েছে।
জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, গত এক বছরে মোট ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গিয়েছে। ২০১৪ সালে অর্জিত রেমিট্যান্সের পরিমাণ ১৪ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার।
এম হান্নানের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী জানান, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের জন্য ৬২ হাজার আরবান সার্চ অ্যান্ড রেসকিউ ভলান্টিয়ার তৈরির পরিকল্পনা রয়েছে।