২৩ বছরে সবজি রপ্তানিতে আয় ৮৭০ মিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ থেকে বিদেশে সবজি রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে। গত ২৩ বছরে সবজি রপ্তানি করে ৮৭০ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
জাতীয় সংসদে গতকাল বুধবার সরকারি দলের সফুরা খাতুনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি আরও জানান, ১৯৯১ সাল থেকে প্রথম ১০ বছরে সবজি রপ্তানি করে আয় হয়েছে ১৪৬ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০১২-১৩ অর্থবছরে ১১০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৪৭ মিলিয়ন মার্কিন ডলারের সবজি রপ্তানি হয়েছে।
আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে ৭২৯টি পণ্য বিদেশে রপ্তানি করা হয়ে থাকে।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, গত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আবেদন করেনি। সরকারি দলের নজরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে ভারত, চীন, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়।
দিদারুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, রাজধানীতে মোট ৫৩টি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা
হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে ১১টি বাজার ফরমালিনমুক্ত করা হয়েছে।