২৩ বছরে ২১ ইউএনওর কাঁধে এসি ল্যান্ডের 'অতিরিক্ত' দায়িত্ব
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে আসা ব্যক্তিদের কিছুতেই পিছু ছাড়ছে না উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) পদের ‘অতিরিক্ত’ দায়িত্ব। গত ২৩ বছরে ২১ জন ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করতে হয়েছে। এতে জমির নামজারিসহ বিভিন্ন কাজে ভূমি কার্যালয়ে এসে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনারের কক্ষে টানানো বোর্ডে দেখা গেছে, ১৯৯১ সালের জানুয়ারি থেকে এ বছরের (২০১৪) জুন মাস পর্যন্ত এ উপজেলায় ২৬ জন ব্যক্তি সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। এর মধ্যে মাত্র পাঁচজন সহকারী কমিশনার ছিলেন। এ কারণে ওই সময়ে থাকা ২১ জন ইউএনও অতিরিক্ত দায়িত্বে হিসেবে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র তিন মাসের জন্য একজন সহকারী কমিশনার এখানে আসেন৷ হেলালুজ্জামান সরকার নামে ওই সহকারী কমিশনার ২০০৯ সালের ২৩ আগস্ট থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন৷ বর্তমান ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ ওই দায়িত্ব পালন করছেন।
এলাকার অনেকে ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ পদ শূন্য থাকায় উপজেলা ভূমি কার্যালয়ের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। ইউএনও তাঁর নিজস্ব দাপ্তরিক কাজ ছাড়াও তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হচ্ছে। এ কারণে ভূমি কার্যালয়ের ফাইলপত্র দেখভাল ও স্বাক্ষরে বিলম্বিত হচ্ছে। ফলে জমির নামজারিসহ বিভিন্ন কাজে ভূমি কার্যালয়ে এসে উপজেলার অনেকে ভোগান্তিতে পড়ছেন।
ভূমি কার্যালয়ের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, উপজেলা ভূমি কার্যালয় আগে উপজেলা পরিষদ চত্বর এলাকায় ছিল। প্রায় দেড় বছর আগে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূমি কার্যালয়টি নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। ইউএনও সহকারী কমিশনারের দায়িত্বে থাকায় প্রতিদিন ফাইলপত্র নিয়ে তাঁদের ইউএনওর কার্যালয়ে আসতে হচ্ছে। অনেক সময় ইউএনওর কার্যালয়ে এসে তাঁরা জানতে পারেন, দাপ্তরিক কাজে ইউএনও বাইরে গেছেন। তখন দীর্ঘ সময় তাঁদের ইউএনওর জন্য অপেক্ষায় থাকতে হয়।
রায়কালী গ্রামের ফজলুর রহমান সম্প্রতি বলেন, ‘ভূমি কার্যালয়ে জমির নামজারি আবেদন করেছিলাম। ভূমি কার্যালয়ে খোঁজ নিতে এসে জানলাম, ফাইলে ইউএনও স্যারের স্বাক্ষর হয়নি। এ কারণে ফিরে যাচ্ছি।’
এ প্রসঙ্গে উপজেলা নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বলেন, ‘আমরা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনারের পদে লোক দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজও বলেন, ‘সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালনে আমার সমস্যা হয় না। এর পরও এখানে সহকারী কমিশনার দিলে আমার কাজের চাপ কিছুটা কমে যেত। এখানে সহকারী কমিশনার দিতে জেলা প্রশাসক স্যারকে বলেছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন জানান, জেলার তিনটি উপজেলায় (আক্কেলপুর, ক্ষেতলাল ও পাঁচবিবি) সহকারী কমিশনার নেই। ইউএনওরা সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ওই ভূমি কার্যালয়গুলোতে সহকারী কমিশনার পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।